অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে আজ রোববার (২৪ আগস্ট) দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে দুই দেশ একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে শুরুতে তৌহিদ হোসেন ও ইসহাক দার একান্ত বৈঠক করেন। পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক চলার সময় চুক্তি ও এমওইউ সমূহে সই হয়। বৈঠকে দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা প্রয়োজনীয়তা বিলোপের চুক্তি হয়। এছাড়া স্বাক্ষরিত পাঁচটি এমওইউ হলো:
- দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন
- সংস্কৃতি বিনিময়
- ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা
- রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা
- বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইপিআরআই) এর মধ্যে গবেষণা সহযোগিতা
আজ বিকেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ইসহাক দার ঢাকায় দুই দিনের সফরে শনিবার পৌঁছান। এটি এক যুগ পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। সফরের প্রথম দিনে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রাথমিকভাবে ইসহাক দারের ঢাকা সফর ২৭ এপ্রিল নির্ধারিত ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্তে উত্তেজনার কারণে ইসলামাবাদ সফর স্থগিত করেছিল।

