শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৩টি সাধারণ বীমা কোম্পানি চলতি বছরের প্রথম ছয় মাসে নিট মুনাফা করেছে। তথ্য অনুযায়ী, এ সময়ের মোট নিট মুনাফা হয়েছে ৩১৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩১৩ কোটি টাকা।
তবে নিট মুনাফার বৃদ্ধি খাতভিত্তিক হলেও সব কোম্পানির জন্য সমান নয়। শীর্ষ পাঁচ কোম্পানি—রিলায়েন্স, গ্রিন ডেল্টা, পাইওনিয়ার, প্রগতি এবং সেনা ইন্স্যুরেন্স—মোট নিট মুনাফার প্রায় ৪৪ শতাংশ, অর্থাৎ সাকল্যে ১৩৯ কোটি টাকা অর্জন করেছে। এর বাইরে বেশির ভাগ কোম্পানির মুনাফা কমেছে। প্রথম প্রান্তিকে নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ শতাংশ বেড়েছিল। দ্বিতীয় প্রান্তিকে বৃদ্ধি শূন্য দশমিক ১০ শতাংশে নেমেছে। প্রথম প্রান্তিকে ৪৩ কোম্পানির মোট নিট মুনাফা ছিল ১৫৬ কোটি ৪১ লাখ টাকা, যা দ্বিতীয় প্রান্তিকে বেড়ে ১৬০ কোটি ২৫ লাখ টাকা হয়েছে।
পর্যালোচনায় দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে ২০টি কোম্পানির মুনাফা বেড়েছে, ২৩টির কমেছে। ছয় মাসের হিসাবে ১৮টির মুনাফা বেড়েছে, ২৫টির কমেছে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে সর্বাধিক ৫ টাকা ৩৯ পয়সা মুনাফা করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। সেনা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৪৭ পয়সা। ২১ কোম্পানির ইপিএস ১ টাকা থেকে ২ টাকা ৮২ পয়সার মধ্যে। এর মধ্যে গ্রিন ডেল্টা, প্রগতি, পাইওনিয়ার, বাংলাদেশ ন্যাশনাল, এশিয়া প্যাসিফিক, ক্রিস্টাল, ইস্টার্ন, ইউনাইটেড, সিটি জেনারেল উল্লেখযোগ্য।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের সিইও খালেদ মামুন বলেন, “মুনাফায় যে বৃদ্ধি দেখা যাচ্ছে, তা প্রকৃত অর্থে প্রবৃদ্ধি নয়। নতুন বড় বিনিয়োগ নেই। ফলে বীমা করার প্রয়োজনও সীমিত। কিছু প্রিমিয়াম বড় কোম্পানি এবং বিদ্যুৎকেন্দ্র থেকে আসে, এর বেশি কিছু নয়।” শীর্ষ পাঁচ কোম্পানি প্রথম ছয় মাসে ১৩৮ কোটি ৭০ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা মোট নিট মুনাফার প্রায় ৪৪ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এটি পৌনে ৩ শতাংশ বেশি। শীর্ষ ১০ কোম্পানির মোট নিট মুনাফা হয়েছে ১৮২ কোটি টাকা, যা মোটের সাড়ে ৫৭ শতাংশ।
সর্বাধিক নিট মুনাফা অর্জন করেছে রিলায়েন্স—৫৬ কোটি ৬৮ লাখ টাকা, গত বছরের ৪৮ কোটি ৬৯ লাখ টাকার তুলনায় ৮ শতাংশ বৃদ্ধি। গ্রিন ডেল্টা ২৮ কোটি ২৫ লাখ টাকা, পাইওনিয়ার ২১ কোটি ৫০ লাখ টাকা, প্রগতি ১৮ কোটি ৩৭ লাখ টাকা, সেনা ১৩ কোটি ৮৮ লাখ টাকা, সিটি জেনারেল ১১ কোটি ১১ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ৯ কোটি, এশিয়া প্যাসিফিক ৮ কোটি, ক্রিস্টাল ৭ কোটি ৮৩ লাখ টাকা নিট মুনাফা করেছে।
দ্বিতীয় প্রান্তিকে রিলায়েন্স ৩২ কোটি ৮১ লাখ টাকা নিট মুনাফা করেছে, গত বছর ২৮ কোটি টাকা। গ্রিন ডেল্টা প্রায় ১৮ কোটি, প্রগতি ১০ কোটি, পাইওনিয়ার ৮ কোটি ৩১ লাখ এবং সেনা ৬ কোটি ২৮ লাখ টাকা মুনাফা করেছে।

