সরকার পরিবর্তন হলেও দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্বল রাজস্ব আহরণ বাংলাদেশের অর্থনীতিকে ভারী করে রেখেছে। এর সঙ্গে বাজার ব্যবস্থাপনার অদক্ষতা যুক্ত হয়ে মূল্যস্ফীতি চড়া অবস্থায় রয়েছে। এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।
গতকাল রোববার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব বক্তব্য উঠে আসে। অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ।
তাসকিন আহমেদ বলেন, বৈশ্বিক শুল্ক ও বাণিজ্য প্রতিবন্ধকতা বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় বেশিরভাগ দেশের অর্থনীতি আরও মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২২.৪৮ শতাংশে নেমে এসেছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। তার মতে, নতুন বিনিয়োগ এখন প্রায় বন্ধ। বিনিয়োগে গতি আনতে হলে ব্যাংক খাতের স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুর্নীতি ও হয়রানির সমালোচনা করে বলেন, অভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ আশা করেছিলাম, কিন্তু তা পাইনি। এনবিআর কর আহরণ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে না, বরং হয়রানি আরো বেড়েছে। এনবিআর এখন অর্থনীতির ক্যানসারে পরিণত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য মঞ্জুর হোসেন। তিনি বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল। রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং মূল্যস্ফীতিও কমেছে। তবে চালের দাম বাড়ছে। চালের দাম নিয়ন্ত্রণ করা গেলে সামগ্রিক মূল্যস্ফীতি আরও কমানো সম্ভব। তিনি স্বীকার করেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। এর জন্য উচ্চ সুদহার ও প্রতিকূল ব্যবসায়িক পরিবেশ দায়ী হতে পারে। তার মতে, ডলার কিনে বাজারে চাপ তৈরি না করে বাংলাদেশ ব্যাংকের উচিত তা বাজারের উপর ছেড়ে দেওয়া। সংকোচনমূলক মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটা কার্যকর হচ্ছে, তাও নতুন করে ভেবে দেখা দরকার।
সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু মূল্যস্তর এখনও উঁচুতে। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমছে। তিনি মনে করেন, তৈরি পোশাক খাত যেমন বন্ডেড ওয়্যারহাউস ও ব্যাংক-টু-ব্যাংক এলসি সুবিধা পেয়ে এগিয়েছে, তেমনি অন্যান্য সম্ভাবনাময় খাতেও এ ধরনের সুবিধা দিতে হবে। তিনি আরও বলেন, ডিজিটালাইজেশন কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি, ফলে কর-জিডিপি অনুপাত আশানুরূপ নয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এখন ঋণনির্ভর হয়ে পড়েছে, যা টেকসই নয়। অভ্যন্তরীণ সঞ্চয় ও কর আহরণ বাড়ানো ছাড়া বিকল্প নেই। নইলে ঋণের ফাঁদে পড়ার ঝুঁকি বাড়বে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, অর্থনীতির অবস্থা “মন্দের ভালো”। তবে এটি দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত নয়। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। শুধু বদলি দিয়ে শাস্তি দিলে হবে না, মানসিকতার পরিবর্তন দরকার। তিনি আরও যোগ করেন, রপ্তানির চেয়ে আমদানিতে প্রবৃদ্ধি বেশি হওয়া ভালো লক্ষণ নয়। পশ্চিমা দেশে টাকা পাচার সহজ হওয়ায় রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীরা সেদিকে ঝুঁকছেন। ব্যাংক খাতে আমূল সংস্কার ছাড়া বিকল্প নেই। এনামুল হক আরো বলেন, এনবিআরের মূল কাজ করদাতা বাড়ানো হলেও তারা বরং হয়রানি করতে বেশি আগ্রহী।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের বলেন, মুদ্রানীতি এখন কঠোর, এজন্য বেসরকারি খাত অভিযোগ করছে। তবে বাংলাদেশ ব্যাংক তাদের জন্য সহনীয় পরিবেশ তৈরির চেষ্টা করছে। তার মতে, বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় না আসার পেছনে উচ্চ সুদহার একমাত্র কারণ নয়। জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও এর জন্য দায়ী। বাংলাদেশ ব্যাংকের আরেক পরিচালক নওশাদ মুস্তাফা বলেন, মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়া, জুলাই আন্দোলন এবং গত বছরের বন্যার কারণে বিনিয়োগ পরিবেশ নষ্ট হয়েছে। তিনি জানান, বাণিজ্যিক ব্যাংক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে মিলে কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি উন্নয়নে কাজ করছে। ডিজিটাল প্রক্রিয়ায় ঋণ বিতরণ চালু হলে খরচ কমবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া বিভাগের অর্থনৈতিক কর্মকর্তা মো. রাবিউল ইসলাম বলেন, রপ্তানি খাতকে এগিয়ে নিতে বাণিজ্য সংযুক্তি বাড়াতে হবে, এসএমই খাতকে রপ্তানি বাজারে যুক্ত করতে হবে এবং পরিবহন খরচ কমাতে হবে। তিনি পোশাক খাতে ম্যানমেইড ফাইবারের ব্যবহার বাড়ানো ও চামড়া শিল্পে আন্তর্জাতিক মান মেনে চলার পরামর্শ দেন।

