মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। গতকাল রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে বায়তুল মুকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে রবিবার কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
ফলে চলতি হিজরি বছরের সফর মাস পূর্ণ হবে ৩০ দিনে। আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এই হিসাবে ১২ রবিউল আউয়াল অর্থাৎ ৬ সেপ্টেম্বর শুক্রবার দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী।
ঐতিহাসিকভাবে এই দিনটির তাৎপর্য গভীর। মহানবী মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কায় রবিউল আউয়ালের ১২ তারিখে জন্মগ্রহণ করেন। একই দিনে, ৬৩২ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তাই দিনটি মুসলিম উম্মাহর কাছে একইসঙ্গে শোক ও আনন্দের—একদিকে নবীজীর জন্মদিন, অন্যদিকে তাঁর ইন্তেকালের স্মৃতি।

