মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির।
শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরের সময় মালয়েশিয়ার সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি।
উচ্চশিক্ষামন্ত্রী আরও জানান, বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে তিনি নাকি ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। “এই অভিযোগ সম্পূর্ণ ভুল ও অসত্য,” বলেন জাম্ব্রি।
তিনি হাইম হিলমানকে সতর্ক করে বলেন, “যে কোনো বিষয়ে, বিশেষ করে উচ্চশিক্ষা সম্পর্কিত বিষয়ে মন্তব্য করার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত।”
ড. জাম্ব্রি আরও জোর দিয়ে বলেন, শিক্ষাগত নীতিমালার জন্য প্রয়োজন তথ্যের সততা, নির্ভুলতা ও সত্যতা। অনুমান বা অসতর্কভাবে তথ্য প্রচার করা উচিত নয়। তিনি সতর্ক করে বলেন, “ভুল তথ্য দিয়ে শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার জন্য কনটেন্ট তৈরির সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।”
এর আগে হাইম হিলমান তার টিকটক অ্যাকাউন্টে ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছিলেন, মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।

