বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম-৬ পদ্ধতি অনুসারে দেশের নিট রিজার্ভ বর্তমানে ২৫.৮৭ বিলিয়ন মার্কিন ডলার। নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে। বাংলাদেশ ব্যাংকের আরেকটি হিসাবও রয়েছে, যাকে বলা হয় ব্যয়যোগ্য রিজার্ভ। এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। এতে আইএমএফের এসডিআর, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভ হিসাব করা হয়।
বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি উৎস—প্রবাসী আয় ও পণ্য রপ্তানি—ইতিবাচক ধারা বজায় রাখায় দেশে বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফিরেছে। টানা ১০ মাস ধরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি না করায় পরিস্থিতি আরও স্থিতিশীল হয়েছে। দেশের ব্যাংক খাত, রাজস্ব প্রশাসন এবং সামষ্টিক অর্থনীতিতে সংস্কারমূলক পদক্ষেপের কারণে বাজেট সহায়তা ও ঋণসহ কয়েক বিলিয়ন ডলার বিদেশি অর্থ দেশে প্রবাহিত হচ্ছে। এতে রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে।
অন্যদিকে, আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকায় এবং রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির কারণে ডলারের চাহিদাও কমেছে। ফলে টাকার বিপরীতে ডলারের বিনিময়মূল্য সামান্য হ্রাস পেয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক চলতি মাসে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনে দাম নিয়ন্ত্রণে রেখেছে।
২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তখন কোভিড-১৯ পরবর্তী আমদানি ব্যয় বৃদ্ধি, বড় ধরনের বাণিজ্য ঘাটতি এবং প্রভাবশালী ব্যক্তিদের অর্থপাচারের কারণে বৈদেশিক মুদ্রার সঞ্চয় সংকুচিত হয়। টাকার দর কমতে থাকায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে।
রিজার্ভ বাড়াতে ২০২২ সালের জুলাইয়ে বাংলাদেশ আইএমএফের কাছে ৪৭০ কোটি ডলারের ঋণ সহায়তার আবেদন করে। মূলত চলতি হিসাবের ঘাটতি, টাকার অবমূল্যায়ন এবং রিজার্ভ কমে যাওয়ায় ওই সময়ে এ পদক্ষেপ নেওয়া হয়।

