বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করেছে।
গত ১২ আগস্ট অনুষ্ঠিত বিএসইসির ৯৬৮তম কমিশন সভায় কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি জানায়, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বিবেচনা করে এবং প্রান্তিক বিনিয়োগসহ সব বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার লক্ষ্যে খসড়া অনুমোদন করা হয়েছে। এই বিধিমালায় মার্জিন অর্থায়নে বিদ্যমান প্রাতিষ্ঠানিক ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি ও পদ্ধতিগত ঝুঁকিসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলা এবং সুশাসন নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
খসড়া বিধিমালাটি ইতোমধ্যেই জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজন, বিনিয়োগকারী এবং সাধারণ জনগণ তাদের মতামত, পরামর্শ বা আপত্তি জানাতে পারবেন। বিএসইসি জানায়, জনমত যাচাই শেষে প্রাপ্ত মতামত ও সুপারিশ বিবেচনা করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন ও পরিমার্জনের মাধ্যমে বিধিমালাটি চূড়ান্ত করা হবে। পরে এটি সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর হবে।

