চট্টগ্রাম থেকে কচুর লতি এখন আকাশপথে মধ্যপ্রাচ্যের বাজারে পৌঁছে, আবার সমুদ্রপথে পৌঁছাচ্ছে আমেরিকা ও ইউরোপেও। দুই দশক আগে যা ছিল হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের ছোট ব্যবসা, এখন ৬০ রপ্তানিকারকের মাধ্যমে বিস্তৃত হয়েছে। সবুজ এই সবজিটি এখন বৈদেশিক মুদ্রা আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।
চিটাগাং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল লিমিটেডের কর্ণধার মো. ইসমাইল চৌধুরী বলেন, শুরুতে শুধু কুমিল্লার বরুড়ার কচুর লতি বিদেশে পাঠানো হতো। এখন চট্টগ্রামের চিকন লতির চাহিদাও বেড়েছে। প্রতি মাসে গড়ে দুই হাজার কেজি কচুর লতি রপ্তানি হয়। বিমানে পাঠাতে প্রতি কেজিতে খরচ পড়ে ১৮০ টাকা, আর বিক্রি হয় ২০০–২৫০ টাকায়।
মাসুদ অ্যাগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্টস লিমিটেড প্রতি মাসে গড়ে ১৫ হাজার কেজি লতি বিদেশে পাঠায়। প্রতিষ্ঠানটির কর্মকর্তা এ বি এম শামসুল করিম জানান, জাহাজে পাঠাতে প্রতি কেজিতে খরচ প্রায় ১৩০ টাকা, বিক্রি হয় গড়ে ২০০ টাকায়। আরেক প্রতিষ্ঠান এস আর এন্টারপ্রাইজ মাসে অন্তত ৬০ হাজার কেজি লতি দুবাই ও কাতারে পাঠাচ্ছে। সেখানে প্রতি কেজি লতি বিক্রি হয় ২৫০ টাকায়, যা খুচরা বাজারে ৩৫০–৪০০ টাকায় পৌঁছায়।

সবচেয়ে বেশি কচুর লতি যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহরে। রপ্তানির ৭০ শতাংশ আসে কুমিল্লার বরুড়া উপজেলা থেকে, যা স্বাদে আলাদা ও বছরের পর বছর পাওয়া যায়। বাকি ৩০ শতাংশ লতি আসে চট্টগ্রামের বোয়ালখালী, ফটিকছড়ি, আনোয়ারা ও পটিয়া থেকে।
চট্টগ্রাম থেকে কচুর লতি রপ্তানি শুরু হয় ১৯৯৭ সালে বিমানে এবং সমুদ্রপথে ২০০০ সালে। ২০১৩ সালের দিকে রপ্তানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। গত পাঁচ বছরে আকাশপথে পাঠানো হয়েছে ৬ লাখ ৬০ হাজার কেজি, সমুদ্রপথে ১৩ লাখ ৫৬ হাজার কেজি, মোট ২০ লাখ ১৬ হাজার কেজি।
চট্টগ্রামে কচুর লতি কম উৎপাদিত হলেও বিদেশি বাজারে এর অবস্থান শক্ত। চাষের জন্য পানির প্রাচুর্য দরকার হলেও- সমুদ্রের নোনাপানি মার্চ-এপ্রিলে নদী ও খালে ঢুকে ফসল ক্ষতিগ্রস্ত করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে চট্টগ্রামের ১,০৬৪ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল ২৯,৭৯২ টন। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে জমি কমে ৮৩৬ হেক্টর, উৎপাদন কমে ১৭,২০০ টনে। অর্থাৎ পাঁচ বছরে উৎপাদন হ্রাস পেয়েছে ৪২ শতাংশ।
কৃষকরা বলছেন, উৎপাদন বাড়াতে সঠিক পরামর্শ, আর্থিক সহায়তা ও সেচব্যবস্থার উন্নয়ন জরুরি। কর্ণফুলীর মইজ্জারটেক এলাকার কৃষক রাজ্জাক হোসেন জানান, বৃষ্টিপাত কম হলে নোনাপানি জমিতে ঢুকে ফসল নষ্ট করে, তাই তিনি সম্প্রতি লতি চাষ ছাড়তে বাধ্য হয়েছেন। চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. ওমর ফারুক বলেন, লবণাক্ত পানি ঢুকে পড়ার কারণে চাষ ঝুঁকিপূর্ণ হলেও কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

