রপ্তানিকারকরা ব্যাংকগুলোর আর্থিক জটিলতার কারণে তাদের পাওনা টাকা পাচ্ছেন না। বিশেষ করে এক্সিম ব্যাংক ও এসআইবিএল সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে। কেবল এক্সিম ব্যাংকের মাধ্যমে ২৫৪টি পোশাক রপ্তানিকারক কার্যক্রম পরিচালনা করেন। তাদের বড় অংশের টাকা এখনো আটকে আছে।
রপ্তানির অর্থ দেশে আসলেও সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো ব্যাক টু ব্যাক এলসির টাকা ও রপ্তানিকারকের পাওনা পরিশোধ করতে পারছে না। এতে রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। টাকা না পেয়ে তারা শ্রমিকদের বেতন এবং অন্যান্য ব্যয় বহন করতে পারছেন না। ফলে শ্রমিক অসন্তোষের আশঙ্কাও দেখা দিয়েছে।
বিজিএমইএ সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সংগঠনের নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে তারা সমস্যার দ্রুত সমাধান চাইবেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো টাকা না দেওয়ায় দুই শতাধিক রপ্তানিকারক বিপাকে পড়েছেন। ব্যাক টু ব্যাক এলসির অর্থও পরিশোধ হচ্ছে না। এই টাকা না পেলে কারখানা শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব নয়। আমরা দ্রুত প্রতিকার চাই।”
রপ্তানিকারকরা জানান, গত রোববারও একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই দলে ১১ জন রপ্তানিকারক ছিলেন, যারা রপ্তানির টাকা না পেয়ে সমস্যায় আছেন। এক্সিম ব্যাংকের মাধ্যমে প্রায় ৫০ মিলিয়ন ডলার রপ্তানি করা এক রপ্তানিকারক বলেন, “২৫৪টি রপ্তানিকারক এই ব্যাংকের মাধ্যমে ব্যবসা করে। তাদের সবাইই সমস্যায়। এক্সপোর্ট প্রসিড আসার পরও ব্যাংক টাকা পরিশোধ করছে না। আমরা আজ গভর্নরের সঙ্গে দেখা করব। সমাধান না হলে সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরব।”
হান্নান গ্রুপও মারাত্মক সংকটে পড়েছে। প্রতিষ্ঠানটির বড় রপ্তানি এক্সিম ব্যাংকের মাধ্যমে হয়। ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শামসুদ্দিন বলেন, “রপ্তানির অর্থ দেশে আসার পরও ব্যাংক আমাদের ব্যাক টু ব্যাক এলসির টাকা দিচ্ছে না। ডলার হাওয়া হয়ে যাচ্ছে। ব্যাংক সব ডলার গিলে খাচ্ছে।” রপ্তানিকারকরা সাধারণত মাস্টার এলসির মাধ্যমে ব্যাক টু ব্যাক এলসিতে ওয়ার্কিং ক্যাপিটাল পান। এটি দিয়ে তারা কাঁচামাল ক্রয় করেন। এরপর ব্যাংক প্রয়োজনীয় টাকা পরিশোধ করে। কিন্তু বর্তমানে বেশ কয়েকটি ব্যাংক এই টাকা দিতে পারছে না।
নজরুল টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালেউদ জামান খান বলেন, “আমি এক্সিম ব্যাংক ও ইসলামী ব্যাংকের মাধ্যমে কাঁচামাল সরবরাহ করেছি। তবে গত নয় মাস ধরে কোনো টাকা পাইনি। ব্যাংকে আমার এক মিলিয়ন ডলার আটকে আছে। সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক মার্জ হওয়ার আগে কোনো পেমেন্ট দেবে না। আমরা মারাত্মক বিপদে পড়েছি।”
এক সমস্যাগ্রস্ত শীর্ষস্থানীয় ব্যাংকের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের মাধ্যমে প্রায় ৩০০ রপ্তানিকারক কাজ করেন। যাদের টাকা আটকে আছে, তাদের সংখ্যা ৪০টির বেশি নয়। ব্যাংক মার্জ হওয়ার ঘোষণা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ টাকা জমা দিচ্ছে না। তাই আমরা পরিশোধ করতে পারছি না। সমস্যা গত জুন থেকে মারাত্মক আকার নিয়েছে। সরকারের সিদ্ধান্তহীনতাও বিষয়টিকে জটিল করেছে।” এসআইবিএল’র ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে।

