মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো “ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি ১২০ টাকায় গরুর মাংস সরবরাহ করবে” এমন খবর সঠিক নয়। সরকারের পক্ষ থেকে বিদেশ, বিশেষ করে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রণালয় জনগণকে এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে প্রাণিসম্পদ খাত শুধুমাত্র মাংস উৎপাদনেই সীমাবদ্ধ নয়; এটি নারীর ক্ষমায়ন, আত্মকর্মসংস্থান, দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি ও ৬ লাখের বেশি মৌসুমি খামারি কোরবানির ঈদ উপলক্ষে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন। দেশের কোরবানির সব চাহিদা দেশীয়ভাবে পূরণ করা সম্ভব হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের জন্য প্রশিক্ষণ, উৎপাদন উপকরণ বিতরণ, বাজার সংযোগ ও ভ্যালু চেইন উন্নয়নের কাজ অব্যাহত রেখেছে। এছাড়া দেশীয় গবাদিপশুর জাত উন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থা, টিকা সরবরাহ ও পশু চিকিৎসা সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাকে আরও টেকসই করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাংস একটি অতি-পচনশীল পণ্য। এর গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্রিয়াজাত থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত কার্যকর কোল্ড চেইন অত্যাবশ্যক। বাংলাদেশে এখনো আন্তর্জাতিক মানসম্পন্ন হিমায়িত মাংস সংরক্ষণ ও পরিবহন অবকাঠামো যথাযথভাবে গড়ে ওঠেনি। কোল্ড চেইনের দুর্বলতা মাংসের মান নষ্ট করে জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।
দেশীয় খামারি ও উদ্যোক্তাদের বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারের নীতিগত সহায়তায় বাংলাদেশ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ পর্যায়ে পৌঁছেছে। বিদেশ থেকে মাংস আমদানির ফলে এই খাতের উন্নয়ন ব্যাহত হতে পারে। এছাড়া বিভিন্ন প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্যঝুঁকি যেমন ক্ষুরারোগ, ল্যাম্পি স্কিন ডিজিস, পিপিআর, তড়কা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা, ব্রুসেলোসিস, সালমোনেলা ও ই-কোলাইও ছড়াতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, সরকার দেশীয় খামারিদের স্বার্থরক্ষা ও জনগণকে নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে বিদেশ থেকে মাংস আমদানির কোনো সিদ্ধান্ত নেই।

