এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান আর্থিক কর্মকর্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলেছেন। এখন তারা শুধু খরচ কমানোর জন্য নয়, বরং দীর্ঘমেয়াদি আয় বৃদ্ধির উপায় হিসেবে এআইতে বিনিয়োগ করছেন। এমন তথ্য প্রকাশ করেছে এআই প্রতিষ্ঠান সেলসফোর্সের নতুন গবেষণা।
২০২০ সালে এপিএসি অঞ্চলের ৬৩ শতাংশ সিএফও এআই বিষয়ে রক্ষণশীল ছিলেন। এখন এটি কমে মাত্র ৩ শতাংশে দাঁড়িয়েছে। এআই এখন নতুন প্রযুক্তি নয়। এটি দক্ষতা বাড়ানো, কাজের প্রক্রিয়া উন্নত করা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে।
গবেষণায় বলা হয়েছে, সিএফওদের প্রযুক্তিতে রিটার্ন অব ইনভেস্টমেন্ট নিয়ে দৃষ্টিভঙ্গি বদলানোর কারণই এই পরিবর্তন। এশিয়া প্যাসিফিকের অর্ধেক সিএফও জানিয়েছেন, স্বয়ংক্রিয়ভাবে কাজ করা এআই এজেন্ট এখন রিটার্ন অব ইনভেস্টমেন্টের মূল্যায়ন বদলে দিচ্ছে। প্রযুক্তিতে বিনিয়োগ এখন কেবল প্রচলিত সফলতার মানদণ্ডে যাচাই করা হচ্ছে না। বরং এটি দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সমৃদ্ধির সঙ্গে যুক্ত।
সেলসফোর্সের প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং ও ফাইন্যান্সিয়াল অফিসার রবিন ওয়াশিংটন বলেন, “ডিজিটাল শ্রম শুধু প্রযুক্তিগত উন্নতি নয়। এটি সিএফওদের জন্য একটি কৌশলগত পরিবর্তন। এআই এজেন্টের মাধ্যমে আমরা কেবল ব্যবসার মডেল নয়, সিএফওদের কাজের ক্ষেত্রও নতুনভাবে তৈরি করছি। এর জন্য নতুন দৃষ্টিভঙ্গি দরকার। আমরা শুধু আর্থিক দায়িত্ব পালনকারী নই, ব্যবসার মূল্য সৃষ্টিকারী হিসেবেও কাজ করছি।”
গত বছর ৬৫ শতাংশ গ্লোবাল সিএফও প্রযুক্তিতে বিনিয়োগ থেকে দ্রুত রিটার্ন আনার চাপ অনুভব করছিলেন। এখন তারা বুঝতে পারছেন, এআই এজেন্ট কেবল খরচ কমায় না। এটি আয় বৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নত সিদ্ধান্ত গ্রহণেও গুরুত্বপূর্ণ। এপিএসি অঞ্চলের সিএফওরা রক্ষণশীল থেকে আগ্রাসী এআই নীতিতে যাচ্ছেন। পাঁচ বছর আগে প্রায় ৬৩ শতাংশ রক্ষণশীল ছিলেন। দুই বছর আগে তা কমে ৩৩ শতাংশে নেমেছিল। এখন তা আরও কমে মাত্র ৩ শতাংশে এসে দাঁড়িয়েছে।
সিএফওরা তাদের এআই বাজেটের প্রায় এক-চতুর্থাংশ এআই এজেন্টে ব্যয় করছেন। ৬০ শতাংশ সিএফও বলেন, এআই এজেন্ট বা ডিজিটাল শ্রম গুরুত্বপূর্ণ এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে অপরিহার্য। ৬২ শতাংশ সিএফও বলছেন, এআই এজেন্ট খরচের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। ৩২ শতাংশ বলছেন, এআইয়ের কারণে প্রযুক্তিতে বিনিয়োগে তারা আরও সাহসী হচ্ছেন।
গবেষণায় আরো উঠে এসেছে, এআই এজেন্ট কেবল খরচ কমায় না। রুটিনমাফিক এবং কৌশলগত কাজের মাধ্যমে আয়ও বাড়ায়। ৭৫ শতাংশ সিএফও মনে করছেন, এজেন্ট খরচ কমানোর পাশাপাশি আয়ও বৃদ্ধি করবে। তাদের আশা, এআই এজেন্ট ব্যবহারে কোম্পানির আয় প্রায় ২০ শতাংশ বাড়বে। ৭৭ শতাংশ সিএফও বলছেন, এআই এজেন্ট তাদের ব্যবসার মডেল পুরোপুরি বদলে দিচ্ছে। ৫৮ শতাংশ সিএফও মনে করেন, এআই এজেন্ট রুটিনমাফিক কাজের চেয়ে কৌশলগত কাজ বেশি করবে।

