বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা ভোলায় প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগে নির্মিত হতে যাচ্ছে নতুন একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল। চীনা প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ গড়ে তুলবে ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন’। এতে মৎস্য ও মাংস প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং কৃষি–শিল্পভিত্তিক কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানিয়েছে, এই অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হলে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য প্রকাশ করে। প্রাথমিকভাবে ভোলা সদর উপজেলায় প্রায় ১০২ দশমিক ৪৬ একর জমিতে এ অঞ্চল গড়ে উঠবে। পরবর্তীতে জমি বাড়িয়ে ১৫৮ একরে নেওয়া হতে পারে। সেখানে বিভিন্ন খাতে প্রায় ৪০টি শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বেজা জানিয়েছে, বর্তমানে এই প্রকল্প প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স পেয়েছে। শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তী ধাপে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। ইতিমধ্যে ১৩টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সংস্থাটি জানায়, ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে দক্ষিণাঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এটি একটি পরিবেশবান্ধব, শ্রমঘন ও কৃষিভিত্তিক শিল্প এলাকা হিসেবে গড়ে তোলা হবে। কর্মসংস্থানের পাশাপাশি এখানে উৎপাদিত পণ্য রপ্তানি করার পরিকল্পনাও রয়েছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে পোশাক–বস্ত্রসহ বেশ কয়েকটি খাতে ইতিমধ্যে বিনিয়োগ করেছে। এবার তারা কৃষি ও মৎস্যভিত্তিক শিল্পে বড় আকারে যুক্ত হচ্ছে।
বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম বলেন, ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে। এটি মৎস্য ও কৃষিজ সম্পদভিত্তিক শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ঝুয়াং লাইফেং জানান, চীনা বিনিয়োগকারীরা ইতিমধ্যে এখানে বিনিয়োগে গভীর আগ্রহ দেখিয়েছে। ভোলার গ্যাস ও কৃষিসম্পদের সুবিধা কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

