সংকটাপন্ন পাঁচটি ব্যাংক যেন রপ্তানি আয় থেকে রপ্তানিকারকদের পাওনা পরিশোধ করতে পারে, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, সাময়িক সমাধানের পাশাপাশি সমস্যাটির স্থায়ী সমাধানও করা হবে।
গতকাল মঙ্গলবার বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন গভর্নর। বৈঠক শেষে বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংকগুলোর গ্রাহকদের প্রাপ্য অর্থ সাময়িকভাবে পরিশোধের ব্যবস্থা করা হবে, যাতে রপ্তানিকারকদের জরুরি চাহিদা মেটানো যায়। পরবর্তীতে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো রপ্তানি আয় আসার পরও সেই অর্থ থেকে ব্যাক-টু-ব্যাক এলসি সেটেলমেন্ট বা রপ্তানিকারকের পাওনা পরিশোধ করতে পারছে না। এমনকি নতুন এলসি খোলার ক্ষেত্রেও ব্যর্থ হচ্ছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, দুই শতাধিক রপ্তানিকারক এ সমস্যায় ভুগছেন। তিনি বলেন, ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে কারখানাগুলো নিয়মিত কার্যক্রম ও রপ্তানি বজায় রাখতে হিমশিম খাচ্ছে। সময়মতো শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে না পারায় শ্রমিক অসন্তোষ বাড়ছে, যা আইনশৃঙ্খলার জন্য হুমকি। তিনি আরো বলেন, ‘এই সংকট আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিদেশি ক্রেতাদের আস্থাও কমছে, যা পোশাকশিল্পের জন্য বড় ঝুঁকি।’
বৈঠকে বিজিএমইএ নেতারা সতর্ক করেন, দ্রুত সমাধান না হলে অনেক প্রতিষ্ঠান অচিরেই রুগ্ন শিল্পে পরিণত হবে। এতে বিপুল সংখ্যক শ্রমিক চাকরি হারাবে এবং দেশের প্রধান রপ্তানি খাত আরও গভীর সংকটে পড়বে।

