রাজস্ব আদায়ের উদ্যোগ জোরদার হলেও ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত আরো কমে ৬.৬ শতাংশে নেমে এসেছে। এর আগের অর্থবছরে অনুপাত ছিল ৭.৪ শতাংশ।
গতকাল রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এই তথ্য জানান। তিনি বলেন, “পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের দেশের কর-জিডিপি অনুপাত ১২ শতাংশের বেশি; আর আমাদেরটা আরো নেমে ৬.৬ শতাংশে দাঁড়িয়েছে, যা উদ্বেগজনক। তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই হিসাব করেছে। তবে এখনো এটি চূড়ান্ত হয়নি।”
সিপিডির আজ উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে কর ফাঁকির পরিমাণ ছিল ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে এনবিআর প্রায় ৩ লাখ ৭১ হাজার কোটি টাকা কর সংগ্রহ করেছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, সরকার বিপুল পরিমাণ কর ছাড় দিয়েছে।

