চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চলতি মাসে আমদানি করা এফসিএল কনটেইনারের ওপর চারগুণ স্টোররেন্ট এক মাসের জন্য স্থগিত করেছে। এই বাড়তি ভাড়া চট্টগ্রাম বন্দর, কমলাপুর আইসিডি এবং পানগাঁও আইসিটিতে মার্চ ২০২৫ থেকে কার্যকর ছিল।
বন্দর ও ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধ, আমদানিকারকদের স্বার্থ এবং বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে ২৩ আগস্ট ২০২৫ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়েছে। তবে খালি কনটেইনারের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। বন্দর সূত্র জানায়, ইয়ার্ডে কনটেইনার জট কমানো এবং দ্রুত ডেলিভারি নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর এবং কমলাপুর আইসিডিতে চারগুণ স্টোররেন্ট কার্যকর করা হয়েছিল। তবে নিরবচ্ছিন্ন সেবা প্রদান এবং বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে এটি এক মাসের জন্য স্থগিত করা হলো।

