নানা অনিয়মের জালে আটকা পড়ে বাংলাদেশ কমার্স ব্যাংক দীর্ঘদিন ধরে আমানতকারীর অর্থ ফেরত দিতে পারছে না। ব্যাংকটিকে সুস্থ অবস্থায় ফেরাতে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। কিন্তু নতুন পরিচালনা পর্ষদ ব্যাংকের দৈনন্দিন কাজে সরাসরি হস্তক্ষেপ করছে। বিশেষত ব্যাংকের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ঋণ কার্যক্রম, নিয়োগ, বদলি, শাস্তি—সব ক্ষেত্রে নির্দেশ দিচ্ছেন। তারা প্রতিদিন অফিসে উপস্থিত থাকছেন এবং সব কাজের ওপর সরাসরি নজর রাখছেন। ব্যাংকের এমডি এসব নিয়ে আপত্তি করলে তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়।
সরকার পরিবর্তনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা আতাউর রহমানকে চেয়ারম্যান এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়। নতুন পর্ষদে শেখ আশ্বাফুজ্জামান এফসিএকে অডিট কমিটির চেয়ারম্যান করা হয়। বাকি দুই সদস্য আগের পর্ষদের সদস্য ছিলেন।
আতাউর রহমান বাংলাদেশ ব্যাংক থেকে অবসর নেওয়ার পর ২০১৫ সালের নভেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত সমস্যাগ্রস্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান ছিলেন। মহসিন মিয়া ছিলেন সুরুজ মিয়া স্পিনিং মিলের উপদেষ্টা। ওই স্পিনিং মিলের সুদ মওকুফ ও কিছু নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকের এমডি মোহাম্মদ মোশাররফ হোসেন ৩০ জুলাই পদত্যাগ করতে বাধ্য হন।
গত ৩০ জুলাই সমকাল অনলাইনে প্রকাশিত ‘৪৮ কোটি টাকার সুদ মওকুফ: পদত্যাগ করলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি’ শিরোনামের প্রতিবেদনকে সূত্র ধরে বাংলাদেশ ব্যাংক তদন্ত কমিটি গঠন করে। ৪ থেকে ৭ আগস্ট ব্যাংকে সরেজমিন পরিদর্শন, পরিচালনা পর্ষদ বৈঠকের অডিও যাচাই এবং সব পক্ষের বক্তব্য নেওয়া হয়। পরিদর্শক দল ব্যাংকের দৈনন্দিন কাজে পর্ষদের হস্তক্ষেপ এবং এমডিকে পদত্যাগে বাধ্য করার সত্যতা পেয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, এমডিকে ডেকে প্রথমে বক্তব্য নেওয়া হবে। এরপর পরিচালনা পর্ষদ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ৩১ জুলাই মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেছেন, বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। যদি পর্ষদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া যায়, ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল ব্যাংকের দৈনন্দিন ব্যবস্থাপনায় পর্ষদের সরাসরি হস্তক্ষেপের প্রমাণ পেয়েছে। এজন্য চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যানকে জনস্বার্থে দায়িত্ব থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে। সাময়িকভাবে নতুন চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগের পরামর্শও এসেছে। এছাড়া এমডির পদত্যাগপত্র নামঞ্জুর করে তাঁকে কাজে যোগ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, ঋণ আদায় ও সুদ মওকুফে পর্ষদ সরাসরি হস্তক্ষেপ করেছে। ব্যাংকের নিয়োগ, বদলি, শাস্তি—সব সিদ্ধান্তই চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান দিচ্ছেন। এমডি ও অন্যান্য কর্মকর্তাদের প্রায়ই নিজেদের কক্ষে ডেকে অযাচিত ও বিধিবহির্ভূত নির্দেশনা দেন। নির্দেশনা না মানলে অশালীন ভাষায় গালাগাল করেন।
মোশাররফ হোসেন ব্যাংকের এমডি হিসেবে যোগদান করেন ১৬ জানুয়ারি। পদত্যাগ করেন ৩০ জুলাই। এই সময়ে মোট কর্মদিবস ছিল ১২৬ দিন। এর মধ্যে চেয়ারম্যান ১১৩ দিন ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ১০৮ দিন অফিস করেছেন। তারা সকাল থেকে রাত ৮টা পর্যন্ত অফিসে থাকেন। বিভিন্ন স্তরের কর্মকর্তাদের রুমে ডেকে নানা নির্দেশনা দেন। এমডিকে শাখা পরিদর্শনে নিরুৎসাহিত ও কেন্দ্রীয় ব্যাংকের অনুষ্ঠানে অংশ নিতে বাধা দেওয়া হয়।
চট্টগ্রামে ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের সম্মেলনে অংশগ্রহণের জন্য এমডির রুম বুকিং ও টিকিট শেষ মুহূর্তে বাতিল করা হয় চেয়ারম্যানের নির্দেশে। খেলাপি ঋণ গ্রহীতাদের বিষয়ে এমডি চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ না করলে বাধা সৃষ্টি হয়। এমনকি খেলাপি ঋণের মামলা পরিচালনায় নির্বাচিত আইনজীবী চেয়ারম্যানের পছন্দমতো নিযুক্ত করা হয়।
পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক তীব্র তারল্য সংকটে রয়েছে। এর মধ্যে ব্যাংকের ভেতরে প্রায় ৫ লাখ টাকা খরচ করে চেয়ারম্যানের চেম্বারের পাশে একটি শোবার ঘর বানানো হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে নির্বাহী কমিটির চেয়ারম্যানের জন্য একটি চেম্বার বরাদ্দ ও সার্বক্ষণিক সহায়তার জন্য পিএস ও এমএলএসএস রাখা হয়েছে। নিয়মিত পুলের গাড়ি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।
পদত্যাগের মূল কারণ হিসেবে ২৯ জুলাই পরিচালনা পর্ষদের বৈঠকে সুরুজ মিয়া স্পিনিংয়ের ৮৮ কোটি টাকা খেলাপি ঋণের বিপরীতে ৪৮ কোটি টাকার সুদ মওকুফে এমডির আপত্তি। চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে এমডিকে পদত্যাগে বাধ্য করেন। বৈঠকের অডিও যাচাই করে দেখা যায়, এমডি গ্রাহক ও কর্মকর্তাদের সঙ্গে চেয়ারম্যানের সরাসরি দেখা ও আঞ্চলিক প্রধানদের সঙ্গে দৈনন্দিন কার্যক্রম সম্পাদনে বাধা দিচ্ছিলেন। নতুন নিয়োগে অনীহা দেখানোর অভিযোগ তুলে চেয়ারম্যান তাঁকে পদত্যাগে বাধ্য করেন। পদত্যাগকারী এমডি মোশাররফ হোসেন বলেন, বিষয়টি বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে। পদত্যাগপত্র এখনও গ্রহণ হয়নি। তাই এ নিয়ে বিস্তারিত কথা বলা ঠিক হবে না।
চেয়ারম্যান আতাউর রহমান দৈনন্দিন কাজে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধু ব্যবস্থাপনায় সহায়তা করেন। সুদ মওকুফ, নিয়োগ, বদলি, শাস্তি সব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া অভিযোগ মিথ্যা। সুরুজ মিয়া স্পিনিংয়ের ঋণ বিষয়ে পর্ষদ অনুমোদন না দিয়ে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। শোবার ঘরের বিষয়ে তিনি বলেন, এটি পরিচালকদের বসার রুম। বড় পার্টি অতিথি এখানে নিয়ে আলোচনা করা হয়। এমডিকে চাপ দিয়ে পদত্যাগ করানোর অভিযোগও তিনি অস্বীকার করেন।

