Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » খেলাপি ঋণ হলো অর্থনীতির গোপন ক্যান্সার
    অর্থনীতি

    খেলাপি ঋণ হলো অর্থনীতির গোপন ক্যান্সার

    কাজি হেলালআগস্ট 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    খেলাপি ঋণ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক অদৃশ্য ব্যাধিতে আক্রান্ত, যার নাম খেলাপি ঋণ। এটি ক্যান্সারের মতো, ক্যান্সার যেমন শুরুতে দেহের মধ্যে নীরবে বাসা বাঁধে, ধীরে ধীরে সুস্থ কোষ দখল করে সমগ্র দেহে ছড়িয়ে পড়ে, তেমনই খেলাপি ঋণ একসময় অদৃশ্য ক্ষত হিসেবে ব্যাংকিং ব্যবস্থার গভীরে ঢুকে পড়ে এবং পুরো অর্থনীতির রক্তসঞ্চালন, ঋণপ্রবাহ কঠিন করে তোলে।

    খারাপ ঋণ যত বাড়ে, তত বাড়ে সুস্থ খাতের উপর কর চাপ, সুদের হার ও ব্যয়ের চাপ, কমে যায় বিনিয়োগ ও কর্মসংস্থান। বাংলাদেশে গত এক বছরে প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের নথি ও নির্ভরযোগ্য সংবাদসূত্রগুলোর তথ্য বলছে, এই ক্যান্সার এখন প্রকাশ্য রোগ এবং এর চিকিৎসা দ্রুত, পদ্ধতিগত না হলে তা সিস্টেমিক ঝুঁকিতে রূপ নিতে পারে।
    খেলাপি ঋণকে কেন বলা হচ্ছে “গোপন ক্যান্সার”? বাংলাদেশে খেলাপি ঋণকে অনেক অর্থনীতিবিদ ক্যান্সারের সঙ্গে তুলনা করেছেন। কারণ হলো প্রথমত: শুরুতে এটি লুকানো থাকে; বারবার রি-শিডিউল ও রি-শিডিউলিং সুবিধার আড়ালে প্রকৃত চিত্র গোপন থাকে। দ্বিতীয়ত: এটি ধীরে ধীরে পুরো ব্যাংকিং ব্যবস্থায় ছড়িয়ে পড়ে, ঠিক যেমন ক্যান্সার শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে ছড়ায়।
    তৃতীয়ত: চিকিৎসা যত দেরি হয়, খরচ তত বেড়ে যায়। ব্যাংকগুলোকে প্রভিশনিং করতে হয়, মূলধন ক্ষয় হয়, অবশেষে সরকারকেও জনগণের টাকায় পুনঃমূলধনায়ন করতে হয়। অর্থাৎ খেলাপি ঋণ একদিনে তৈরি হয় না, তবে একবার সৃষ্টি হলে তা পুরো অর্থনীতিকে জর্জরিত করে।
    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন (জানুয়ারি–মার্চ ২০২৫) অনুযায়ী, ২০২৫ সালের মার্চে দেশের সব ব্যাংক মিলিয়ে মোট খেলাপি ঋণের হার ২৪ দশমিক ১৩% অর্থাৎ প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ২৪ টাকা ফেরত না-আসার ঝুঁকিতে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থাই সবচেয়ে নাজুক, সেখানে অ-পরিশোধিত ঋণের হার ৪৫ দশমিক ৭৯%; আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে ২০ দশমিক ১৬%। বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো তুলনামূলক ভালো অবস্থানে ৪ দশমিক ৮৩%। বিশেষায়িত ব্যাংকে ১৩ দশমিক ২১%। এছাড়া মাত্র ১০টি ব্যাংক পুরো খেলাপি ঋণের ৭১% ধারণ করছে অর্থাৎ খেলাপি ঋণ এখন কেবল একটি আর্থিক সমস্যা নয়, এটি ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতার নগ্ন প্রতিচ্ছবি।
    খেলাপি ঋণের পেছনের কারণ সমূহ: খেলাপি ঋণের জটিল সমস্যার পেছনে একাধিক কারণ কাজ করছে। যেমন:  রাজনৈতিক প্রভাব ও শিথিল নীতি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ প্রদানে রাজনৈতিক হস্তক্ষেপ এবং বড় ঋণগ্রহীতাদের প্রতি শিথিলতা অন্যতম বড় কারণ। তাছাড়া রয়েছে বারবার রি-শিডিউল ও এভারগ্রিনিং। বারবার পুনঃতফসিল করে খেলাপি ঋণকে “ভালো ঋণ” দেখানো হয়েছে, যা সমস্যাকে আরও বাড়িয়েছে।
    আইনগত জটিলতাও একটি অন্যতম কারণ। আর্থিক আদালতে মামলা নিষ্পত্তি দীর্ঘসূত্রতার কারণে খেলাপিদের জবাবদিহি নিশ্চিত করা যায় না। দুর্বল ব্যাংক ব্যবস্থাপনায় ঝুঁকি মূল্যায়নের দুর্বলতা, প্রভিশনিংয়ের ঘাটতি ও সুশাসনের অভাব রয়েছে। রাইট-অফ নীতি গ্রহণ করে ঋণ মওকুফ বা রাইট-অফ করে অস্থায়ী স্বস্তি আনা হলেও মূল সমস্যার সমাধান হচ্ছে না।
    পরিমাণের হিসেবে  বাংলাদেশ ব্যাংক উৎসর্গীকৃত তথ্য বলছে, ২০২৫ সালের মার্চের শেষে পুরো খাতে খেলাপি ঋণের অঙ্ক দাঁড়ায় আনুমানিক ৪ দশমিক ২০ লক্ষ কোটি টাকা। আর মাত্র তিন মাসে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা বেড়েছে। ২০২৪ সালের মার্চে এই অঙ্ক ছিল ১ দশমিক ৮২ লক্ষ কোটি টাকা অর্থাৎ বছর ঘুরতেই প্রায় দ্বিগুণ হয়েছে। এই বৃদ্ধির পেছনে কড়া শ্রেণীকরণ মানদণ্ডে ফেরা এবং বাস্তব অবস্থা প্রকাশ পাওয়াকে বড় কারণ হিসেবে দেখানো হয়েছে।
    আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ হলো ‘ডিস্ট্রেসড অ্যাসেট’ যার মধ্যে খেলাপি, পুনঃতফসিলকৃত ও রাইট-অফ  মিলিয়ে ২০২৪ সালে দাঁড়ায় প্রায় ৭ দশমিক ৫৬ লক্ষ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৪৫%। কেবল পুনঃতফসিলকৃত ঋণই ২০২৪ সালের শেষে ৩ দশমিক ৪৮ লক্ষ কোটি টাকা। ভয়াবহ তথ্য  হলো এর ৩৮ দশমিক ৪২% অর্থাৎ প্রায় ১ দশমিক ৩৪ লক্ষ কোটি টাকা আবারও খারাপ হয়ে গেছে। এটি নীতি ছাড়ের অপব্যবহার ও দুর্বল শাসনব্যবস্থার একটি কঠিন প্রমাণ।
    বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক মনিটরি পলিসি প্রতিবেদন পরিষ্কার বলছে, অপরিশোধিত ঋণের তীব্রতা কেবল ঋণগ্রহীতার দুরবস্থায় নয়; বরং বছরের পর বছর শিথিল শ্রেণীকরণ, পুনঃতফসিলের অতিব্যবহার, অনিয়ম–দুর্নীতি  এবং ঝুঁকি ভিত্তিক তদারকির ঘাটতির কারণে প্রকৃত চিত্র আড়ালে ছিল। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে শ্রেণীকরণের কঠোরতার প্রথম ধাপ এবং ২০২৫ সালের ১ এপ্রিল থেকে আন্তর্জাতিক সেরা চর্চা অনুযায়ী পূর্ণাঙ্গ নির্দেশিকা চালু হওয়ায় অনেক গোপন ক্ষত প্রকাশ্যে এসেছে। একই নথিতে ২০২৭ সালের মধ্যে IFRS-9 অনুযায়ী ECL-ভিত্তিক (Expected Credit Loss) প্রভিশনিং চালুর রোডম্যাপও আছে, যা আগাম ক্ষতি ধরতে সাহায্য করবে।
    মনিটরি পলিসি প্রতিবেদন আরও বলছে, ব্যাংকিং খাতে আস্থা সংকট, অতিরিক্ত অপরিশোধিত ঋণ, কিছু ব্যাংকে শারিয়াভিত্তিক জালিয়াতিসহ নানা কারণে তারল্যচাপ দেখা দেয় এবং বাংলাদেশ ব্যাংক বিশেষ তারল্য সহায়তা  কাঠামো প্রণয়নের কাজ এগোচ্ছে। একই সঙ্গে Risk-Based Supervision (RBS), Asset Quality Review (AQR), Bank Resolution Ordinance 2025–এর মতো কাঠামোগত সংস্কারের ঘোষণা আছে।
    এদিকে আইএমএফ এর সাম্প্রতিক দলিলও ব্যাংকিং খাতে চাপ বৃদ্ধির উল্লেখ করে এবং ঝুঁকিভিত্তিক তদারকি ও ডেটা রিপোর্টিং জোরদারের কথা বলেছে, যার কিছু সময়সীমা ২০২৫–এর মধ্যে  অর্থাৎ দেশীয় নীতির সঙ্গে আন্তর্জাতিক শর্তানুসারে নজরদারি ও সংস্কার চলছে।
    কীভাবে ‘খেলাপি সংস্কৃতি’ গড়ে উঠল তার কয়েকটি আলোচিত কেস: হলমার্ক–সোনালী ব্যাংক কেলেঙ্কারি (২০১০–২০১২)- বাংলাদেশের ব্যাংকিং কেলেঙ্কারির বড় নামগুলোর একটি হলমার্ক গ্রুপ। সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে জাল এলসি ও কাগজপত্রে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকারও বেশি ঋণ আত্মসাৎ হয়। যা পরবর্তীতে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে ‘বৃহত্তম’ প্রতারণা হিসেবে চিহ্নিত হয়েছে। তদন্তে প্রমাণিত হয় ভিতরের যোগসাজশ ছিল। এই ঘটনার অভিঘাত সিস্টেমে বহুদিন স্থায়ী থেকে গেছে এবং ‘ইনসাইডার অ্যাবিউজ’ এর জীবন্ত নজির হয়ে আছে।
    বেসিক ব্যাংক: রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান বেসিক ব্যাংকে ২০১০–২০১৩ সময়কালে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে বহু মামলা হয় এবং বছরের পর বছর তদন্ত–বিচার অচলাবস্থায় পড়ে থাকে। ২০২৪ ও ২০২৫ সালেও মামলার অগ্রগতির বিষয়ে আদালতের নতুন নির্দেশনা ও পুনঃতদন্তের খবর আসে। একই সঙ্গে কিছু অর্থ উদ্ধারের দাবিও আসে, তবু সামগ্রিক ক্ষতি অর্থনীতির জন্য স্থায়ী দাগ রেখে যায়। শাসন, ব্যর্থতা ও রাজনৈতিক প্রভাবের উদাহরণ হিসেবে এই ঘটনা সমূহ  বারবার উঠে আসে।
    বিসমিল্লাহ গ্রুপ ও জনতা ব্যাংকসহ একাধিক ব্যাংক: বিসমিল্লাহ গ্রুপ ২০১১–২০১২ সময়কালে এলসি ও রপ্তানি সংক্রান্ত জাল নথিতে পাঁচটিরও বেশি ব্যাংক থেকে হাজার কোটি টাকার ঋণ হাতিয়ে নেয়। পরবর্তীতে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে তাদের খেলাপি ঋণ বড় অংশ পুনঃতফসিল হয়, যা “দুরাচারীদের জন্য সহজ শর্ত” এর সমালোচনা ডেকে আনে। এই  ঘটনা সমূহ দেখিয়েছে পুনঃতফসিল অর্থনৈতিক পুনর্বাসন নয়, বরং যদি জবাবদিহি না থাকে, তা অপচিকিৎসা হয়ে ওঠে।
    ফার্মার্স ব্যাংক (বর্তমান  পদ্মা ব্যাংক): ২০১৭ সালে অনিয়ম–অতিরিক্ত ঋণের চাপে ফার্মার্স ব্যাংকে মারাত্মক তারল্য সংকট দেখা দেয়; শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক রিপো–ঋণ দিয়ে ব্যাংকটিকে বাঁচায়, পরে নাম বদলে পদ্মা ব্যাংক হয়। কিন্তু ২০২৪–২৫ এ আবারও তারল্য ঘাটতি, বেইলআউট আবেদন, কর্মচারীদের বেতন পরিশোধে দুর্ভোগের খবর, সব মিলিয়ে একটি বেইলআউট–নির্ভর কাঠামোর ঝুঁকি স্পষ্ট। এটি ‘মোরাল হ্যাজার্ড’ বা দুর্নীতির প্রলোভন বাড়ায়; কারণ বাজার বার্তা পায় যে “খারাপ হলেও রাষ্ট্র বাঁচাবে।”
    বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট -২০২৪ এর ভিত্তিতে  জানা যায়, মূলধন–ঘাটতিগ্রস্ত ১৯টি ব্যাংকের প্রতিটিতে শীর্ষ দুই ঋণগ্রহীতা খেলাপি হলে আরও পাঁচটি ব্যাংক ন্যূনতম Capital Adequacy রক্ষায় ধস নামাতে পারে অর্থাৎ কয়েকটি বড় কর্পোরেটেই ঝুঁকি সঞ্চিত। এই প্রবণতা ব্যাংকগুলোকে হোলসেল ব্যাংকিং–নির্ভর করেছে; আর খারাপ সময়ে ‘ডোমিনো’ ঝুঁকি বাড়িয়েছে।
    মূলধন ক্ষয় ও বাজেট–ঝুঁকি: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন ঘাটতি শেষ পর্যন্ত করদাতার কাঁধে ওঠে। ২০২৪ সালের শেষে ব্যাংকিং খাতের সম্মিলিত CRAR (Capital to Risk–Weighted Asset Ratio) পড়ে ৩ দশমিক শূন্য ৮%–এ, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। যা ২০২৫–এও ধারাবাহিক ঝুঁকি দেখায়। এটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারের অর্থায়ন চাহিদা ও সুদের খরচ বাড়ায়।  ফলে আস্থা সংকট ও তারল্য চাপ বেড়ে যায়, দুর্বল ব্যাংক থেকে আমানত পালানোর ঝোঁক (ফ্লাইট টু কোয়ালিটি) বেড়ে যায়; কেন্দ্রীয় ব্যাংককে বিশেষ সাপোর্ট দিতে হয়, যার সুযোগ ব্যয় থাকে।
    বহু বছর ধরেই শ্রেণীকরণে শিথিলতা, বারংবার পুনঃতফসিল, বিশেষ খাতের ‘ইজিয়ার টার্মস’ এসবের ফলে ‘পরিসংখ্যান সুন্দর’ থাকলেও ক্রেডিট কালচার ভেঙে গেছে। ২০২৪ সালে শুধু পুনঃতফসিলে ফিরে গিয়ে আবার খারাপ হওয়া ১ দশমিক ৩৪ লক্ষ কোটি টাকার ভয়ংকর অঙ্কটি দেখিয়ে দেয় যে, ‘সমস্যা লুকোতে গিয়ে সমস্যা বেড়েছে’।
    ২০২৭ সালের মধ্যে পূর্ণ ট্রানজিশন: আগাম ক্ষতি শনাক্তকরণ ও প্রভিশনিং ‘প্রকৃত চিত্র’ সময়েই ধরার জন্য অপরিহার্য। ব্যাংকগুলো টাইম–বাউন্ড অ্যাকশন প্ল্যান জমা দিয়েছে। খাতভিত্তিক সুপারভিশন, পুনর্নবীকরণে অপব্যবহার রোধ, ক্রেডিট রিস্ক–ম্যানেজমেন্ট শক্ত করা,  দুর্বল ব্যাংক চিহ্নিত করে রিসট্রাকচারিং/রেজুলেশন–এর পরিষ্কার পথ তৈরি করা। আমানতকারীদের সুরক্ষা, হঠাৎ আমানত–উত্তোলনের ধাক্কা সামলাতে পথনির্দেশ। তবে নীতিগতভাবে ELA যেন বেইলআউট–সাবসিডি না হয়ে যায় এখানে শর্ত ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ।
    অর্থ ঋণ আদালতের জট খুলতে বিশেষ ট্রাইব্যুনাল/ফাস্ট–ট্র্যাক, নির্দিষ্ট সময়সীমা, ‘উইলফুল ডিফল্টার’–কে ফৌজদারি শাস্তির রাস্তায় দ্রুত রেফার, এগুলো না করলে ‘টাইম–ভ্যালু অফ মানি’ হারিয়ে যায়; উদ্ধার অর্থের প্রকৃত মূল্য পড়ে যায়। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট–ভিত্তিক প্রতিবেদনে ২ দশমিক ৫ লক্ষ কোটি টাকার বেশি মামলা–আটকে থাকার তথ্য উল্লেখ আছে।
    আপনি ব্যাংকে যে টাকা রাখেন, সেটাই ব্যাংকের ঋণ–পুঁজির মূল উৎস। খেলাপি ঋণ বাড়লে ব্যাংক সেই ক্ষতি পুষতে আমানতকারীর টাকায় কম সুদ দেয়, ফি বাড়ায় বা সরকার থেকে করদাতার টাকা দিয়ে পুনঃমূলধন নেয়। আর ক্রেডিট–ক্রাঞ্চ হলে আপনার ব্যবসা/চাকরি/বাজার–সব জায়গায় প্রভাব পড়ে। তাই খেলাপি ঋণ ‘কোনো এক শ্রেণীর’ সমস্যা নয়, এটি সবার সমস্যা।
    খেলাপি ঋণ কোনো আর্থিক সূচকের ঠান্ডা পরিসংখ্যান নয়, এটি অর্থনীতির শরীরে ছড়িয়ে পড়া গোপন ক্যান্সার। কিন্তু ক্যান্সারেরও চিকিৎসা আছে, যদি আমরা পরিসংখ্যান নয়, বাস্তবতাকে আঁকড়ে ধরি; নীতি ঘোষণা নয়, প্রয়োগে আপসহীন থাকি, তাহলে আগামী কয়েক বছরই নির্ধারণ করবে, আমরা কি ‘খেলাপি–সংস্কৃতি’ থেকে বেরিয়ে ক্রেডিট–সংস্কৃতিতে ফিরতে পারলাম, নাকি সাময়িক ব্যথা এড়িয়ে দীর্ঘমেয়াদি ক্ষতকে পুষে রাখলাম।
    যতদিন এটি লুকিয়ে রাখা হবে, ততদিন ব্যাংকিং খাত দুর্বল হবে, বিনিয়োগ হ্রাস পাবে, প্রবৃদ্ধি থমকে যাবে। এখনই কঠোর পদক্ষেপ না নিলে সামনে হয়তো আরও ভয়ঙ্কর সংকট অপেক্ষা করছে। সুতরাং প্রয়োজন সদিচ্ছা, স্বচ্ছতা ও সাহসী সংস্কার। ক্যান্সারের চিকিৎসা যেমন দ্রুত শুরু করতে হয়, তেমনি খেলাপি ঋণ নিয়ন্ত্রণেও দেরি করার সুযোগ নেই।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.