বাংলাদেশ চীনের সঙ্গে সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নে যৌথ উদ্যোগ শুরু করেছে। এজন্য বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন চীনের হুবেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এইচএসআইএ)-এর সঙ্গে সমঝোতা চুক্তি করেছে।
গত রোববার রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দুই সংগঠনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। বিএসআইএর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের এইচএসআইএর সহসভাপতি অধ্যাপক ওয়েই লিউ এবং বিএসআইএর সভাপতি এম এ জব্বার নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় দুই সংগঠন একসঙ্গে কাজ করবে—
- জ্ঞান ও উন্নত প্রযুক্তি বিনিময়
- যৌথ গবেষণা ও উন্নয়ন
- দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন
- দ্বিপক্ষীয় বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারি
- যৌথ অনুষ্ঠান, বাণিজ্য প্রতিনিধিদল ও প্রদর্শনী আয়োজন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসআইএ সভাপতি এম এ জব্বার বলেন, “এই উদ্যোগ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি বাংলাদেশের ও চীনের ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি একাডেমিক বিনিময় এবং প্রযুক্তিগত অগ্রগতির নতুন দ্বার খুলে দেবে।”
চীনের এইচএসআইএর সহসভাপতি ওয়েই লিউ বলেন, “আমাদের সমিতির অধীন প্রায় ৫০০টি সেমিকন্ডাক্টর কোম্পানি আছে। আমরা চাই কিছু কোম্পানিকে বাংলাদেশে নিয়ে এসে যৌথ উদ্যোগ, প্রযুক্তি স্থানান্তর ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচিতে যুক্ত করা হোক।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআইএ উপদেষ্টা পরিষদের সদস্য ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোকনুজ্জামান, বুয়েটের অধ্যাপক এ এস এম এ হাছিব, সিনিয়র অ্যাডভাইজার এনায়েতুর রহমান, বিএসআইএর পরিচালক কামরুল আহসান দেওয়ানজি, আলিয়া শাফকাত, আশিকুর রহমান ও তাফুরি টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন।

