দেড় দশকের টানা লুটপাট ও অনিয়মের কারণে বাংলাদেশের অর্থনীতি প্রায় ডুবন্ত অবস্থায় পৌঁছেছিল। এখন তা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে অর্থনীতি দ্রুতই ঘুরে দাঁড়াবে।
তবে অর্থনীতিবিদরা সতর্ক। তারা বলছেন, বিনিয়োগ, কর্মসংস্থান, সুদহার, ব্যাংকের ওপর আস্থা এবং অব্যাহত খেলাপি ঋণ বৃদ্ধির কারণে আর্থিক খাতের উদ্বেগ কাটেনি। তাদের মতে, দেশের অর্থনীতি এখন সম্ভাবনা ও সংকটের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিশ্লেষকরা মনে করেন, আর্থিক খাতকে শক্তিশালী করতে দরকার সঠিক নেতৃত্ব, সুস্পষ্ট কর্মপরিকল্পনা এবং রাজনৈতিক সদিচ্ছা। এই তিনটির সমন্বয় থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘উদীয়মান টাইগার’ হিসেবে নিজেকে পুনর্গঠন করতে পারবে। অর্থনীতির সার্বিক মূল্যায়নে সাধারণত ১২টি প্রধান সূচক বিবেচনা করা হয়। এগুলো হলো:
- মোট দেশজ উৎপাদন (জিডিপি)
- মুদ্রাস্ফীতি
- বেকারত্বের হার
- বিনিয়োগ হার
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- রপ্তানি ও আমদানির ভারসাম্য
- রাজস্ব আয়
- বৈদেশিক ঋণ
- বিনিময় হার
- রেমিট্যান্স
- দারিদ্র্য হার ও মাথাপিছু আয়
- পুঁজিবাজার সূচক
গত এক বছরে রিজার্ভ, রেমিট্যান্স, আমদানি-রপ্তানির ভারসাম্য এবং বিনিময় হারে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। কিন্তু অন্য সূচকগুলোতে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। অর্থনীতিবিদরা বলছেন, এ কারণেই অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ালেও মূলধারায় ফিরে আসেনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের বৈদেশিক রিজার্ভ ছিল ২৫.৫৮ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্ট ও ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী এ পরিমাণ ছিল ২০.৪৭ বিলিয়ন ডলার। তবে ওই সময় দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ১৪ বিলিয়ন ডলারে। বছরের ব্যবধানে গত রোববারের হিসাবে রিজার্ভ বেড়ে ৩০.৮৬ বিলিয়ন ডলারে উঠেছে। বিপিএম-৬ অনুযায়ী এটি ২৫.৮৭ বিলিয়ন ডলার। বর্তমানে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় ২১ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রিজার্ভ বেড়েছে সাড়ে ৫ বিলিয়ন ডলার। শুধু তাই নয়, একই সময়ে সরকারি প্রতিষ্ঠানের পূর্ববর্তী বিল পরিশোধ করা হয়েছে ৪ বিলিয়ন ডলার। এই বিল পূর্ববর্তী সরকারের সময় স্থগিত রাখা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে উন্নতি হয়েছে। বিশেষত রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ার কারণে বাণিজ্য ঘাটতি কমে ২০.৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ৯.১৩ শতাংশ কম। রপ্তানি আয় বেড়ে ৪৩.৯৫ বিলিয়ন ডলার হয়েছে, যা ৭.৭০ শতাংশ বৃদ্ধি। গত অর্থবছরে চলতি হিসাব উদ্বৃত্ত ছিল ১৪ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরে এটি ছিল ৬.৬০ বিলিয়ন ডলারের ঘাটতি। চলতি হিসাব নির্দেশ করে, দেশ নিয়মিত বৈদেশিক লেনদেনে উদ্বৃত্ত থাকলে ঋণ নিতে হয় না। ঘাটতি থাকলে তা মেটাতে ঋণ নিতে হয়। অর্থনৈতিক হিসাবেও দেশের অবস্থা ইতিবাচক। ২০২৪-২৫ অর্থবছরের মে পর্যন্ত আর্থিক হিসাবে উদ্বৃত্তের পরিমাণ ৩.৯৮ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক রিজার্ভ বছরের ব্যবধানে বেড়ে ৩০.৮৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় ২১ বিলিয়ন ডলার। রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বৈদেশিক লেনদেনের ভারসাম্য শক্তিশালী হয়েছে। তবে দেশের ব্যাংক খাতের পরিস্থিতি এখনও আশাপ্রদ নয়। খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতি নতুন রেকর্ড গড়ছে। এর ফলে দেশের ঋণমান আরও কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, এই পরিস্থিতি বৈদেশিক বাণিজ্যে ঝামেলার কারণ হতে পারে। এক বছরে সরকারের আরেকটি সাফল্য হলো মুদ্রা বিনিময় হারে স্থিতিশীলতা আনা। করোনা মহামারির পর ডলারের দাম ৮৬ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় পৌঁছেছিল। অর্থ পাচার ও হুন্ডির কারণে দেশের মুদ্রা বাজারে দীর্ঘ সময় অস্থিরতা ছিল। তবে চলতি বছরে সরকার ও বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ গ্রহণ করে ডলারের দর স্থিতিশীল রাখে। গত মে মাস থেকে মুদ্রা বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়া হলেও ডলার বাজারে কোনো অস্থিরতা দেখা যায়নি। বর্তমানে দর ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “এক বছরে দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে দেশ থেকে টাকা পাচারের সব রাস্তা বন্ধ হওয়ায় রেমিট্যান্স ও রপ্তানি আয়সহ কিছু ক্ষেত্রে আমাদের সফলতা দেখা যাচ্ছে। এজন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একেবারে ডুবন্ত অর্থনীতি বোঝাতে বলেননি। মুখপাত্র জানিয়েছেন, গভর্নরের বক্তব্যে দেশ “ডুবতে যাচ্ছে” নয়, অর্থনীতি খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, দ্রুতই দেশ মূলধারায় ফিরবে। তথ্য-উপাত্ত দেখাচ্ছে, গত এক বছরে সরকার মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেও লক্ষ্য পূরণ হয়নি।
২০২৩-২৪ অর্থবছরে মূল্যস্ফীতি আকাশচুম্বী ছিল। কোনো পদক্ষেপই দ্রব্যমূল্য কমাতে সক্ষম হয়নি। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর মূল্যস্ফীতি কিছুটা কমলেও বছরের শেষে ৭ শতাংশে নামানো সম্ভব হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, জুনে মূল্যস্ফীতি ছিল ৮.৪৮ শতাংশ। জুলাইয়ে তা বেড়ে ৮.৫৫ শতাংশে পৌঁছেছে। বেকারত্বও বেড়েছে। বিবিএসের সর্বশেষ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার ৪.৬৩ শতাংশ। এটি গত বছরের একই সময়ে ৩.৯৫ শতাংশ ছিল। ২০২৪ সালের প্রথম প্রান্তিকেও বেকারত্বের হার ৪.৪৯ শতাংশ। ২০২৩ সালে বেকারের সংখ্যা ছিল ২৫ লাখ ৫০ হাজার, যা ২০২৪ সালে বেড়ে ২৭ লাখে পৌঁছেছে।
অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধির সঙ্গে ব্যাংক খাতের খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতির সমস্যা মিলে দেশের অর্থনীতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। দ্রুত সমন্বিত পদক্ষেপ ছাড়া দেশের মূলধারায় ফেরার পথ দীর্ঘ হতে পারে। অনেক সম্ভাবনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি বর্তমানে সংকটময় পরিস্থিতিতে রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি নেমে গেছে মাত্র ৩.৯৭ শতাংশে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। কৃষি, শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি কমে যাওয়ায় বিনিয়োগও এক দশকের মধ্যে সবচেয়ে কম। শ্রমবাজারে সংকট চলছে। বেকারত্ব বাড়ছে, এবং প্রায় ৬০ হাজার শ্রমিক কাজ হারিয়েছে। ব্যাংক খাতও সংকটাপন্ন, খেলাপি ঋণ বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অর্থনৈতিক পরিবেশের অনিশ্চয়তা বিনিয়োগে বাধা সৃষ্টি করছে।
অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ সূচক—মোট বিনিয়োগ ও মোট দেশজ সঞ্চয়—দুটোই কমেছে। এবার মোট বিনিয়োগের হার জিডিপির ২৯.৩৮ শতাংশ, যা ২০১৩-১৪ অর্থবছরের ২৮.৫৮ শতাংশের পরে সবচেয়ে কম। মোট দেশজ সঞ্চয়ও ধারাবাহিকভাবে কমছে। এর অর্থ, দেশের মানুষ ও প্রতিষ্ঠান যা আয় করছে, তার বেশিরভাগই খরচ করছে, সঞ্চয় কম হচ্ছে। বেসরকারি খাতে ঋণও কমছে। গত জুনে ব্যক্তিগত খাতে ঋণের বৃদ্ধির হার মাত্র ৬.৪৯ শতাংশ। এর অর্থ ব্যক্তি খাত ব্যাংক ঋণ নিচ্ছে কম, বিনিয়োগও কম করছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগও আশঙ্কাজনক হারে কমছে।
অর্থনীতিবিদরা বলছেন, জিডিপি, বিনিয়োগ, সঞ্চয় ও বিদেশি বিনিয়োগের এই পরিস্থিতি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। দ্রুত ও সমন্বিত পদক্ষেপ ছাড়া দেশের মূলধারায় ফিরে আসা দীর্ঘ হতে পারে। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেইদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল ১,৬০৬ কোটি টাকার বেশি। বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি টাকার বেশি। কিছু সময় পর দৈনিক লেনদেন নেমে যায় মাত্র ২০০ কোটি টাকার ঘরে। লেনদেন সংকটে কয়েকটি ব্রোকারেজ হাউসের শাখা অফিস বন্ধ হয়ে যায়। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার পর পুঁজিবাজার পুনরায় চাঙ্গা হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে দৈনিক লেনদেন বেড়ে হাজার কোটি টাকার বেশি হয়েছে। বাজার মূলধন ৭ লাখ ১২ হাজার ৬৬১ কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশের বিদেশি ঋণ পরিশোধ নতুন উচ্চতায় পৌঁছেছে। ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৪০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ২,৫৯৫ মিলিয়ন ডলার ছিল মূলধন, এবং ১,৪৯১ মিলিয়ন ডলার সুদ। আগের বছরের তুলনায় ঋণ পরিশোধে যথাক্রমে ২৯ শতাংশ ও ১১ শতাংশ বৃদ্ধি হয়েছে। ঋণ চাপ বাড়ার কারণ হলো গত এক দশকে নেওয়া বিশাল অবকাঠামো প্রকল্প এবং বাজেট সহায়তার ঋণের অনুগ্রহকাল শেষ হওয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ কিছু বড় প্রকল্পের ঋণের কিস্তি আগামী এক থেকে দুই বছরের মধ্যে শুরু হবে, ফলে চাপ আরও বাড়বে। নতুন বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে ধীরগতি দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে নতুন ঋণচুক্তি হয়েছে ৮,৩২৩ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় কম। তবে বাজেট ঘাটতি পূরণে ৩,৪০০ মিলিয়ন ডলার সহায়তা নেওয়া হয়েছে।
ব্যাংকিং ও অর্থনৈতিক খাত বিশ্লেষক গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন, “রিজার্ভ, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের বৃদ্ধি কিছুটা স্বস্তি দিয়েছে। তবে গভীর কাঠামোগত দুর্বলতা অর্থনীতিকে দীর্ঘ মেয়াদে স্থিতিশীলভাবে ঘুরে দাঁড়াতে বাধা দিচ্ছে। রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাসী আয়ের রেকর্ড এবং ডলার বিনিময় হারে স্থিতিশীলতা ইতিবাচক। তবে বিনিয়োগ ও সঞ্চয়ের হার কমে যাওয়া, বেকারত্ব বৃদ্ধি এবং ব্যাংক খাতে খেলাপি ঋণের অব্যাহত প্রবণতা উদ্বেগজনক।
পুঁজিবাজারে স্বচ্ছতা আনতে কঠোর পদক্ষেপ শুরুতে অস্থিরতা তৈরি করেছে। পাশাপাশি বিদেশি ঋণ প্রবাহে ভাটা, ঋণ পরিশোধের চাপ এবং এনবিআরের অস্থিরতা রাজস্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অর্থনীতি এখন সম্ভাবনা ও সংকটের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সুসংহত নীতি, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছ নেতৃত্ব এবং ব্যাংক ও বিনিয়োগ খাতে আস্থা ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ ছাড়া কাঙ্ক্ষিত পুনরুদ্ধার সম্ভব নয়। শুধুই রিজার্ভ বা মুদ্রাস্ফীতির লক্ষ্য নয়—এখন দরকার সময়োপযোগী, বাস্তবভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপকল্প।”
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মনে করিয়ে দেন, দেশের অর্থনীতি এখনও ভঙ্গুর। তিনি বলেন, “দীর্ঘদিনের লুটপাটের কারণে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় আছে। তবে আমরা আগের তুলনায় কিছুটা এগোতে পেরেছি। সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে, একই সঙ্গে নতুন কিছু সম্ভাবনাও তৈরি হয়েছে। যদি আমরা সেই সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারি, অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।”

