বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে। বুধবার দিনের শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ০৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী এই অঙ্ক দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলারে। রোববারের তুলনায় যা উল্লেখযোগ্য বৃদ্ধি।
জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) কাছে ২.০২ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ নেমে গিয়েছিল ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। বিপিএম–৬ পদ্ধতিতে তখন এটি ছিল ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। তবে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ, রপ্তানি আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংস্থার ঋণ মিলে রিজার্ভ আবার ঘুরে দাঁড়িয়েছে।
গত জুন শেষে দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার—যা ছিল গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। বিপিএম–৬ অনুযায়ী তখন রিজার্ভ ছিল ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। এর আগে সর্বশেষ ২০২৩ সালের মার্চ মাসে রিজার্ভ ৩২ বিলিয়নের নিচে নেমেছিল।
উল্লেখযোগ্য যে, ২০২১ সালের আগস্টে বাংলাদেশ প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ অতিক্রম করেছিল। কিন্তু এরপর থেকে ধারাবাহিক পতনে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে, গত জুলাই শেষে রিজার্ভ নেমে আসে মাত্র ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।
বর্তমান সরকারের সময়ে কঠোর অর্থপাচার নিয়ন্ত্রণ, হুন্ডি কমে যাওয়া এবং বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ায় রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় প্রায় ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের ২০ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৪.১২ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, ডলার সরবরাহে এই ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকলে সামনের মাসগুলোতে রিজার্ভ আরও শক্ত অবস্থানে পৌঁছাবে।

