বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রধান সমস্যা দুর্নীতি। এরপর অন্যতম সমস্যা ছিল ৩২০ কোটি মার্কিন ডলার বিল বকেয়া রাখা। এ কারণে জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল। আমরা দায়িত্ব নিয়ে বিশেষ উদ্যোগে এসব বিল শোধ করেছি। এখন ৭০ কোটি ডলার বকেয়া রয়েছে, যা স্বাভাবিক।’
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মাসিক আলোচনায় গতকাল বুধবার এই মন্তব্য করেন ফাওজুল কবির খান। অনুষ্ঠানটি অনলাইনে সঞ্চালনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠান শুরুতে তিনি দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা দেন।
গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিডার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেন চৌধুরী আশিক মাহমুদ। দায়িত্ব নেওয়ার পর তিনি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মাসিক ওয়েবিনার আয়োজনের উদ্যোগ নেন। এটি ছিল চতুর্থ আয়োজন।
উপস্থাপনায় চৌধুরী আশিক মাহমুদ জানিয়েছেন, গত আগস্ট থেকে জুলাই পর্যন্ত আর্থিক বিভিন্ন সূচক ও উদ্যোগের অগ্রগতি ভালো। এই সময়ে মূল্যস্ফীতি সাড়ে ১০ শতাংশ থেকে কমে সাড়ে ৮ শতাংশে নেমেছে। পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ৪৩.৫ শতাংশ থেকে বেড়ে ৬১.৫ শতাংশে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৩ বিলিয়ন থেকে ২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক সফলভাবে সমাধান করা হয়েছে।
তিনি আরো বলেন, আর্থিক খাতে ৩২টি সংস্কার উদ্যোগ হাতে নেওয়া হয়েছিল। এর মধ্যে ১৮টি সম্পন্ন হয়েছে, ৬টির কাজ চলছে, সাতটির সূচি নির্ধারিত এবং একটি বাতিল হয়েছে। এক দরজায় বিনিয়োগকারীদের সব সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের জন্য আলাদা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
ওয়েবিনারে যোগাযোগ ব্যবস্থা নিয়ে ফাওজুল কবির খান বলেন, ‘দেশে নদী, রেল ও সড়কনির্ভর যোগাযোগব্যবস্থা চালু আছে। আমরা একটি সমন্বিত যোগাযোগব্যবস্থা চালুর চেষ্টা করছি। কোন খাতে কী ধরনের উদ্যোগ প্রয়োজন, তা খুঁজে বের করে সমাধান করছি।’ নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক পরিবহন বিষয়ে তিনি বলেন, ‘এ দুই খাতের জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বিনিয়োগ করতে যে ধরনের সহায়তা প্রয়োজন, তা আমরা দিচ্ছি।’
চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রথম পাঁচ মাসে বাংলাদেশ প্রায় ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। এটি দেশের বিনিয়োগ পরিস্থিতির জন্য আশাব্যঞ্জক অগ্রগতি নির্দেশ করছে। প্রাপ্ত প্রস্তাবের মধ্যে প্রায় ২০ শতাংশ ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে চুক্তি স্বাক্ষর, জমি ইজারা নিশ্চিতকরণ ও বরাদ্দপত্র প্রদান।

