ডাচ-বাংলা ব্যাংক প্রধান কার্যালয় হিসেবে ঢাকার মতিঝিলে ১ হাজার ১৬ কোটি টাকায় একটি ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাংকটির বোর্ড গত ২৬ আগস্ট অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়।
ব্যাংকটি মতিঝিলের বাণিজ্যিক এলাকার ৪৭ নম্বর প্লটে ২১ তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন কিনবে। ভবনের মোট আয়তন প্রায় ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৩০০ বর্গফুট ফ্লোর স্পেস এবং ৩১ হাজার ৪০ বর্গফুট বেইসমেন্ট অন্তর্ভুক্ত। বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর ব্যাংকটি এই পরিকল্পনা বাস্তবায়ন করবে। ডিএসইতে গতকাল ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারের দর আগের দিনের তুলনায় ১ শতাংশ কমে ৪১ টাকা ৫০ পয়সা হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যাংকটির রিজার্ভ ও উদ্বৃত্ত প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৬৬ কোটি টাকা।

