আলুর বাজার মূল্য উৎপাদন খরচের সঙ্গে মিলছে না। এতে চাষিরা ক্ষতির মুখে পড়তে পারেন। এ পরিস্থিতিতে সরকার চাষিদের রক্ষায় ৫০ হাজার টন আলু কিনবে। কৃষি মন্ত্রণালয় আজ বুধবার জানিয়েছে, কেনা আলু হিমাগারে সংরক্ষণ করে অক্টোবর-নভেম্বর মাসে বিক্রি করা হবে।
চাষিদের ক্ষতির আশঙ্কা মাথায় রেখে প্রধান উপদেষ্টার নির্দেশে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে চার সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে বাকি সদস্যরা ছিলেন—বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিব। কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, আলুর দামও সরকার নির্ধারণ করেছে। হিমাগার গেটে আলুর সর্বনিম্ন বিক্রি মূল্য কেজি প্রতি ২২ টাকা। আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার কথাও জানিয়েছে সরকার।

