দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথরখনির উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে কার্যক্রম স্থগিত আছে। তবে রক্ষণাবেক্ষণের কাজ চালু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক ডি এম জোবায়েদ হোসেন সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ে পর্যাপ্ত বিস্ফোরক সরবরাহ করতে না পারায় খনির উৎপাদন ও উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। খনি সচল রাখতে বিস্ফোরক অপরিহার্য। কিন্তু গত কয়েক বছর ধরেই সরবরাহে বিঘ্ন ঘটায় একাধিকবার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
খনিবিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরক আমদানিতে দেরি হলে খনির উৎপাদন বন্ধ থাকার পাশাপাশি যন্ত্রাংশ অব্যবহৃত হয়ে নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। এ পরিস্থিতি এড়াতে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এমজিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ হোসেন জানিয়েছেন, দ্রুত বিস্ফোরক সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কোম্পানির উপমহাব্যবস্থাপক (প্রশাসন) রাফিজুল ইসলাম জানিয়েছেন, আমদানিকৃত বিস্ফোরকের একটি চালান বর্তমানে বেনাপোল বন্দরে আটকে আছে। দু-এক দিনের মধ্যে ছাড়পত্র মিললে খনিতে আনা হবে।

