প্রান্তিক আয়ের মানুষের সহজ শর্তের ব্যাংক হিসাব এখন কেবল কাগজে-কলমের উদ্যোগ নয়। এটি ধীরে ধীরে সঞ্চয়ের নিরাপদ ঠিকানায় পরিণত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, এই বিশেষ হিসাবগুলোতে আমানত দ্রুত বাড়ছে।
২০১০ সালে প্রান্তিক জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক খাতের আওতায় আনার জন্য চালু হয় ১০, ৫০ ও ১০০ টাকার নো-ফ্রিলস অ্যাকাউন্ট (এনএফএ)। এখানে নেই ন্যূনতম ব্যালান্স রাখার চাপ, নেই অতিরিক্ত সার্ভিস চার্জ। বরং সাধারণ সঞ্চয় হিসাবের তুলনায় কিছুটা বেশি সুদ পাওয়া যায়। চার্জমুক্ত সুবিধা, বাড়তি সুদ ও কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় তদারকি—এই তিনের সমন্বয়ে এনএফএ হিসাবের জমা ও হিসাবসংখ্যা উভয়ই ঊর্ধ্বমুখী।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে এসব হিসাবের মোট জমা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬ কোটি টাকা। মার্চে যেখানে এ হিসাবের আমানত ছিল ৪ হাজার ৮৮৮ কোটি, তিন মাসে ১৪৮ কোটি টাকা নতুন জমা পড়েছে। হিসাবের সংখ্যা বৃদ্ধিও চোখে পড়ার মতো। মার্চে যেখানে ২ কোটি ৮২ লাখের বেশি হিসাব ছিল, জুনে তা বেড়ে ২ কোটি ৮৭ লাখের বেশি হয়েছে। মাত্র তিন মাসে খোলা হয়েছে ৪ লাখ ৭০ হাজারের বেশি নতুন হিসাব। এই প্রবৃদ্ধি প্রমাণ করে, প্রান্তিক কৃষক, অতি দরিদ্র, পোশাকশ্রমিক ও সামাজিক সুরক্ষা সুবিধাভোগীরা ধীরে ধীরে ব্যাংকের ওপর আস্থা রাখছেন। তারা অল্প টাকার হিসাব খুলেও নিয়মিত জমা রাখছেন।
দেশে পালাবদলের পর মূল্যস্ফীতি ধীরে ধীরে কমতে শুরু করেছে। খরচের চাপ কিছুটা হ্রাস পাওয়ায় অনেকে সঞ্চয় বাড়ানোর চেষ্টা করছেন। মার্চ থেকে জুনের মধ্যে এনএফএ হিসাবের আমানতে কিছু মিশ্র প্রবণতা থাকলেও সার্বিক বৃদ্ধি ইতিবাচক। কৃষকদের আমানত বেড়ে হয়েছে ৭১৮ কোটি থেকে ৭৭০ কোটি, অতি দরিদ্রদের ২৩১ কোটি থেকে ২৪৬ কোটি, সামাজিক সুরক্ষাভোগীদের ১,৭৩১ কোটি থেকে ১,৮২১ কোটি। তবে পোশাকশ্রমিকদের আমানত সামান্য কমে ৪৬৭ কোটি থেকে ৪৬৫ কোটি, মুক্তিযোদ্ধাদের ১,০১৩ কোটি থেকে ৯৬১ কোটি। অর্থাৎ কিছু ক্ষেত্রে সাময়িক পতন হলেও মোট চিত্রে জমা বেড়েছে। প্রবাসী আয়ও বেড়েছে। মার্চে এনএফএ হিসাব হয়ে আসা রেমিট্যান্স ছিল ৭৭৭ কোটি ৮০ লাখ টাকা, জুনে তা বেড়ে ৮০০ কোটি ৪৫ লাখ টাকা হয়েছে, প্রায় ২৩ কোটি টাকা বৃদ্ধি।
অর্থনীতিবিদ ও চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন, ‘ব্যাংক খাত একসময় ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গত বছরের গণ-আন্দোলনের পর পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। আতঙ্ক পুরো কাটেনি, তবু আস্থা ফিরছে। ছোট আমানতকারীরাও ব্যাংকে টাকা রাখছেন। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপ, বিশেষ করে ক্ষুদ্র হিসাবের সহায়তামূলক নীতিগুলো, ভালো সাড়া দিয়েছে।’
ব্যাংক এশিয়ার সাবেক এমডি আরফান আলী বলেন, ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাবের অর্ধেকের বেশি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে। চার্জমুক্ত না হলে প্রান্তিক মানুষ এত আগ্রহ দেখাতেন না। সাম্প্রতিক বৃদ্ধির হার নিঃসন্দেহে ইতিবাচক বার্তা।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। খরচের চাপ কমায় অনেকে কষ্ট করে হলেও সঞ্চয় বাড়ানোর চেষ্টা করছেন।’

