পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন বিমা তহবিলে ঘাটতি অব্যাহতভাবে বাড়ছে। চলতি বছরের ৩০ জুন শেষে তহবিলের ঘাটতি প্রায় ৩০৮ কোটি টাকা ছাড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানির চলতি ২০২৫ হিসাব বছরের এপ্রিল-জুন কেন্দ্রীয় আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, ৩০ জুনের হিসাবে জীবন বিমা তহবিলের ঘাটতি দাঁড়িয়েছে ৩০৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। তিন মাস আগে, ৩১ মার্চে, ঘাটতি ছিল ৩০১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ এপ্রিল-জুন সময়ে ঘাটতি বেড়েছে ৬ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকা।
গত এক বছরে ঘাটতি বৃদ্ধি হয়েছে ৩৫ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা। ২০২৪ সালের জুনে তহবিল ঘাটতি ছিল ২৭২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানির পর্ষদ। অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টায় কোম্পানির প্রধান কার্যালয়ে। রেকর্ড ডেট ছিল ২১ আগস্ট। ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেওয়া হয়নি। সর্বশেষ ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। কোম্পানির মোট ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫০.১০ শতাংশ। অর্থাৎ ঝুঁকি বিবেচনায় সাধারণ বিনিয়োগকারীর ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

