নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইতেই সরকার বৈদেশিক ঋণ পরিশোধে পড়েছে বড় চাপের মুখে। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যে পরিমাণ ঋণ ছাড় হয়েছে, তার দ্বিগুণেরও বেশি অর্থ সরকারকে দিতে হয়েছে পুরনো ঋণের কিস্তি ও সুদ পরিশোধে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সদ্য প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, জুলাই মাসে সরকার উন্নয়ন সহযোগীদের কাছে আসল হিসেবে পরিশোধ করেছে ৩২৭.৭২ মিলিয়ন ডলার। একই সময়ে সুদ বাবদ গেছে আরও ১১৮.৯৬ মিলিয়ন ডলার। সব মিলিয়ে জুলাইয়ে মোট পরিশোধের অঙ্ক দাঁড়িয়েছে ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার।
অপরদিকে ওই মাসে বিদেশি ঋণ ছাড় হয়েছে মাত্র ২০২.৪৪ মিলিয়ন ডলার। অর্থাৎ ঋণ গ্রহণের তুলনায় দ্বিগুণেরও বেশি অর্থ বেরিয়ে গেছে পুরনো দায় মেটাতে।
ইআরডির কর্মকর্তারা বলছেন, গত এক দশকে বাংলাদেশ অনেক বড় অঙ্কের বৈদেশিক ঋণ নিয়েছে। এর বেশ কিছু ঋণের শর্ত ছিল কঠিন—পরিশোধের সময়সীমা তুলনামূলক কম, আর সুদহারও তুলনামূলক বেশি।
অনেক ঋণের গ্রেস পিরিয়ড ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তাই কিস্তি পরিশোধের চাপ এখন বাড়তে শুরু করেছে এবং আগামীতে আরও বাড়বে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের শেষে বৈদেশিক ঋণ পরিশোধ প্রায় ৫ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। আগের অর্থবছরে ঋণের আসল ও সুদ মিলিয়ে সরকারকে দিতে হয়েছিল ৪.০৮৬ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্স ও রপ্তানি আয় না বাড়লে ক্রমবর্ধমান ঋণ পরিশোধ ভবিষ্যতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাড়তি চাপ তৈরি করবে। নতুন ঋণ নেওয়া ও পুরনো ঋণ শোধের এই চক্র থেকে বের হতে হলে সরকারকে আরও বিচক্ষণ হতে হবে, বিশেষ করে ঋণের শর্ত ও মেয়াদ বেছে নেওয়ার ক্ষেত্রে।

