দেশের বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে সবজির বাজারও ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে সবজির দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, সূত্রাপুর, শ্যামবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সাধারণ ক্রেতারা এখন আগের মতো ইচ্ছেমতো কিনতে পারছেন না। অনেকেই বাধ্য হয়ে আধা কেজি বা আরও কম পরিমাণে সবজি কিনে ঘরে ফিরছেন।
বাজারে এখন ৮০ টাকার নিচে সবজি পাওয়া যেন দুষ্কর। করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, টমেটো ১৬০–১৮০, শসা ১০০, পটোল ৮০, বরবটি ১০০, ঝিঙা ৮০, কাঁকরোল ৮০, গোল বেগুন ১৪০, লম্বা বেগুন ৮০–১০০, চিচিঙ্গা ৮০ এবং কচুরমুখী ৮০ টাকায়। কাঁচামরিচের কেজি ২৪০ থেকে ২৮০ টাকা। বিদেশি সবজির মধ্যে ভারতীয় গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকা, আর ধনেপাতা ও ক্যাপসিকাম ছুঁয়েছে কেজিপ্রতি ৪০০ টাকা।
তবে আলু ও পেঁপের দাম কিছুটা স্বস্তিদায়ক—আলু মিলছে ২৫–৩০ টাকায় আর পেঁপে ২০–৩০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, মৌসুম বদল, পরিবহন ব্যয় বৃদ্ধি, আর বিভিন্ন এলাকায় বন্যা ও বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমেছে। ফলে বাজারে পণ্য উঠলেও তা দীর্ঘদিন টিকছে না। এ অবস্থায় নতুন মৌসুমের সবজি উঠতে শুরু করলে দাম কিছুটা কমতে পারে বলে তাদের আশা।
কারওয়ান বাজারের ব্যবসায়ী আবুল কাশেমের ভাষায়, “সবজি একাধিকবার হাতবদল হয়। ট্রাক থেকে নামানোর আগেই অনেক সময় পাইকারি দরে বিক্রি হয়ে যায়। এরপর যিনি কিনছেন, তিনি আবার আরেকজনকে দিচ্ছেন। এই হাতবদলেই দামের ওপর বাড়তি চাপ পড়ে।”
ভোক্তাদের অভিযোগ, শুধু প্রাকৃতিক কারণেই নয়, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। কেউ কেউ কাঁচামরিচসহ কিছু পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন।
সূত্রাপুরের এক খুচরা বিক্রেতা বলেন, “আমরা নিজেরা ক্ষুদ্র ব্যবসায়ী। কিন্তু বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। ফলে আমরাও বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।”
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন মনে করেন, বাজারে সরকারের কঠোর মনিটরিং না থাকার কারণেই ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণহীনভাবে বাড়াচ্ছেন। তার মতে, “আইনের শক্ত প্রয়োগ হলেই এ অবস্থা থেকে মুক্তি মিলতে পারে।”
শ্যামবাজারে বাজার করতে আসা নওশীন নামে এক গৃহিণীর চোখে জল এসে যায় সবজির দাম শুনলেই। তিনি বলেন, “কয়েক মাস আগেও ৪০০–৫০০ টাকা দিয়ে প্রয়োজনীয় বাজার করা যেত। এখন একই জিনিস কিনতে ১ হাজার থেকে দেড় হাজার টাকা লাগে। ছোট সংসার নিয়েও এখন দিশেহারা হয়ে যাচ্ছি।”
সবজির লাগামহীন দাম নিম্ন আয়ের মানুষের জীবনকে সবচেয়ে বেশি সংকটে ফেলেছে। বাজারে গেলে তারা আর হিসাব মেলাতে পারছেন না। সংসার চালাতে প্রতিদিনই নতুন করে চাপ বাড়ছে।

