দেশে মূল্যস্ফীতি বর্তমানে ৮-৯ শতাংশের মধ্যে অবস্থান করছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক নয়। তাই বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আখতার হোসেন জানিয়েছেন, সরকারের লক্ষ্য দ্রুত এটি ৩-৪ শতাংশে নামিয়ে আনা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘বাংলাদেশ মান্থলি ম্যাক্রোইকোনোমিক ইনসাইট’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “মূল্যস্ফীতি ৩-৪ শতাংশে আনা এবং তা দীর্ঘমেয়াদে টেকসইভাবে ধরে রাখা আমাদের প্রধান লক্ষ্য। এজন্য আমরা সুদহার নিয়ন্ত্রণ, মুদ্রানীতি শৃঙ্খলা ও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করার মতো সব নীতিগত উপকরণ প্রয়োগ করব।”
ড. আখতার হোসেন আরও বলেন, বিনিয়োগ বৃদ্ধির জন্য স্থানীয় সঞ্চয় যথেষ্ট নয়। তাই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা অত্যন্ত জরুরি। ব্যবসাবান্ধব পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাটাও সময়ের দাবি।
সেমিনারে উপস্থিত ছিলেন পিআরআই এর নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম, বাংলাদেশ ব্যাংকের চিফ ইকনোমিস্ট ড. আখতার হোসেন, পিআরআই এর পরিচালক ড. আহমেদ আহসান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ ও হাবিবুল্লাহ এন. করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই এর মূখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

