বাংলাদেশের অর্থনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো মেগা প্রকল্প দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করছে; অন্যদিকে মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, বিনিয়োগ স্থবিরতা এবং ক্রমবর্ধমান বৈষম্য আমাদের অগ্রযাত্রাকে কঠিন করে তুলছে। উন্নয়ন ও সংকটের এই দ্বন্দ্বে সাধারণ মানুষের জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি রাষ্ট্রীয় অর্থনীতিও পড়ছে কঠিন পরীক্ষার মুখে।
বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকের সর্বশেষ পূর্বাভাস বলছে, প্রবৃদ্ধি আগের তুলনায় কমে আসছে এবং দারিদ্র্যের হার আবারও বাড়ছে। একই সঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রশাসনিক দুর্বলতা অর্থনৈতিক পুনরুদ্ধারকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে মুদ্রাস্ফীতি প্রায় ১০ শতাংশে পৌঁছেছে, বৈদেশিক রিজার্ভ কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, আর ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে আস্থা সংকটকে গভীর করছে।
পতিত সরকারের দেড় দশকের অনিয়ম, লুটপাট ও দুর্বল শাসনব্যবস্থা অর্থনীতিকে প্রায় ডুবন্ত অবস্থায় নিয়ে গিয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। বাংলাদেশ ব্যাংক আশাবাদী যে পরিস্থিতি দ্রুতই উন্নত হবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, উচ্চ সুদহার, ব্যাংক খাতে আস্থাহীনতা এবং ক্রমবর্ধমান খেলাপি ঋণ অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তবুও সম্ভাবনার আলো কম নয়। রপ্তানি বহুমুখীকরণ, প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি, ডিজিটাল রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশের অর্থনীতি আবারও দক্ষিণ এশিয়ার ‘উদীয়মান টাইগার’ হিসেবে মাথা উঁচু করতে পারে। এজন্য দরকার সঠিক নেতৃত্ব, সুস্পষ্ট কর্মপরিকল্পনা এবং রাজনৈতিক সদিচ্ছা। সংকট ও সম্ভাবনার এই সন্ধিক্ষণে সঠিক সমন্বয় ঘটাতে পারলেই অর্থনীতি ফিরে পাবে শক্ত ভিত এবং মানুষের আস্থা।
বাংলাদেশের অর্থনীতির বর্তমান চিত্র: বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে, যা গত প্রায় চার দশকের মধ্যে সর্বনিম্ন। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের পতন, আর্থিক খাতের দুর্বলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা প্রবৃদ্ধি কমার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। প্রাথমিক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৯৭ শতাংশ ধরা হলেও চূড়ান্ত হিসাবে তা আরও কমতে পারে।
অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৪ সালের আগস্ট শেষে রিজার্ভ ছিল ২৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, আর আইএমএফের বিপিএম-৬ মানদণ্ডে তা দাঁড়ায় ২০ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। তবে ব্যবহারযোগ্য রিজার্ভ তখন নেমে গিয়েছিল মাত্র ১৪ বিলিয়ন ডলারে। এক বছরের ব্যবধানে রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার হয়েছে, তবে বিপিএম-৬ অনুযায়ী ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার, আর বর্তমানে ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় ২১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় সাড়ে ৫ বিলিয়ন ডলার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি গত এক বছরে ৪ বিলিয়ন ডলারের বেশি পুরোনো বকেয়া বিলও পরিশোধ করা হয়েছে, যা পূর্ববর্তী সরকারের আমলে স্থগিত ছিল।
রিজার্ভ বৃদ্ধির পেছনে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের উন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৪–২৫ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ৯ দশমিক ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে। এই সময়ে রপ্তানি আয় বেড়ে হয়েছে ৪৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার, যা ৭ দশমিক ৭০ শতাংশ প্রবৃদ্ধি। চলতি হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৪৯ মিলিয়ন ডলার, যেখানে আগের অর্থবছরে ঘাটতি ছিল ৬ দশমিক ৬০ বিলিয়ন ডলার। একই সময়ে আর্থিক হিসাবেও ৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে।
আরেকটি ইতিবাচক পরিবর্তন এসেছে বৈদেশিক মুদ্রা বাজারে। করোনোত্তর সময় থেকে শুরু হওয়া ডলার সংকট ও অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক গত এক বছরে বেশ কিছু পদক্ষেপ নেয়। এর ফলে ডলারের দর ৮৬ টাকা থেকে বেড়ে ১২৬ টাকায় ওঠার পর আবার স্থিতিশীল হয়েছে। গত মে মাসে বাংলাদেশ ব্যাংক মুদ্রা বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয় এবং আশঙ্কার বিপরীতে অস্থিতিশীলতা দেখা যায়নি। বরং এখন বাজারে ডলারের দাম ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংককে ডলার কিনতে হচ্ছে।
তবে চ্যালেঞ্জও কম নয়। ২০২৪–২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ৯৭ শতাংশে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। কৃষি, শিল্প ও সেবা সব খাতেই প্রবৃদ্ধি কমেছে। এর ফলে বিনিয়োগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বেকারত্ব বেড়েছে, শ্রমবাজারে সংকট দেখা দিয়েছে এবং প্রায় ৬০ হাজার শ্রমিক কাজ হারিয়েছে। ব্যাংক খাতে খেলাপি ঋণের হারও বেড়েছে, ফলে খাতটির প্রতি আস্থার সংকট আরও গভীর হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি ও নীতি–অনিশ্চয়তা বিনিয়োগে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হিসাবে দেখা যাচ্ছে, ২০২৪–২৫ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সময়ে ৪০০ কোটিরও বেশি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে, যার মধ্যে ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার মূলধন এবং ১ দশমিক ৪৯ বিলিয়ন ডলার সুদ। আগের বছরের তুলনায় মূলধন পরিশোধ বেড়েছে ২৯ শতাংশ এবং সুদ বেড়েছে ১১ শতাংশ।
এর মূল কারণ হলো গত এক দশকে নেওয়া বড় অবকাঠামো প্রকল্প ও বাজেট সহায়তার ঋণের অনুগ্রহকাল শেষ হয়ে আসা। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বড় প্রকল্পগুলোর ঋণের কিস্তি আগামী কয়েক বছরের মধ্যে শুরু হবে, ফলে চাপ আরও বাড়তে পারে। নতুন বৈদেশিক ঋণ গ্রহণেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। ২০২৪–২৫ অর্থবছরে নতুন ঋণচুক্তি হয়েছে ৮ দশমিক ৩২ বিলিয়ন ডলারের, যা আগের বছরের তুলনায় কম। তবে বাজেট ঘাটতি পূরণে প্রায় ৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার সহায়তা নেওয়া হয়েছে।
সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে সম্ভাবনা ও সংকট দুইয়ের মধ্যেই দাঁড়িয়ে আছে। একদিকে রিজার্ভ, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের উন্নতি আশার আলো জাগাচ্ছে, অন্যদিকে নিম্ন প্রবৃদ্ধি, বেকারত্ব, ব্যাংক খাতের দুর্বলতা এবং বাড়তি ঋণ পরিশোধের চাপ অর্থনীতিকে অনিশ্চয়তায় ফেলছে। সঠিক নীতি, সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে এই সংকট অতিক্রম করে অর্থনীতি আবারও টেকসই উন্নয়নের পথে এগোতে পারে।
সংকটের কারণসমূহ: বাংলাদেশের অর্থনৈতিক সংকটের পেছনে রয়েছে কয়েকটি জটিল কারণ। প্রথমতঃ বৈশ্বিক মন্দা এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি করেছে। জ্বালানি, খাদ্যশস্য ও কাঁচামালের সরবরাহ ব্যাহত হওয়ায় আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে।
দ্বিতীয়ত: মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি দেশের ভেতরে কৃত্রিম সংকট ও সরবরাহ শৃঙ্খলের দুর্বলতা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। টানা কয়েক মাস ধরে ভোক্তা মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি ঘোরাফেরা করছে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ওপর তীব্র চাপ সৃষ্টি করছে।
তৃতীয়ত: বৈদেশিক মুদ্রার ঘাটতি একটি বড় সংকটে পরিণত হয়েছে। রিজার্ভ দ্রুত হ্রাস পাওয়ায় আমদানি খাতে নিয়ন্ত্রণ আরোপ করতে হচ্ছে, ফলে শিল্প উৎপাদনও বাঁধাগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রপ্তানি আয়ের স্থবিরতা এবং প্রবাসী আয় প্রত্যাশার তুলনায় কমে যাওয়া। ফলে আন্তর্জাতিক লেনদেন ও সরকারের উন্নয়ন ব্যয় নির্বাহ করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
পরিশেষে ব্যাংক খাতে আস্থার সংকট দিন দিন প্রকট হচ্ছে। অনিয়ন্ত্রিত ঋণখেলাপি, সুশাসনের ঘাটতি ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ব্যাংক খাতে স্থিতিশীলতা নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। এর ফলে আমানতকারী থেকে শুরু করে বিনিয়োগকারীরা পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, যা অর্থনীতির ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলছে। সব মিলিয়ে বৈশ্বিক অস্থিরতা, অভ্যন্তরীণ দুর্বলতা এবং নীতি-সংকট একসঙ্গে মিলে আজকের এই অর্থনৈতিক সঙ্কটকে গভীরতর করে তুলেছে।
সম্ভাবনার দিকসমূহ: বাংলাদেশের অর্থনীতির সংকট যেমন বাস্তব, তেমনি সম্ভাবনার দিকও কম নয়। সাম্প্রতিক সময়ে টাকা পাচার রোধ, প্রবাসী আয়ের প্রবাহ বাড়ানো এবং রপ্তানি খাতকে বহুমুখীকরণের মতো কিছু ইতিবাচক উদ্যোগ অর্থনীতিকে নতুনভাবে শক্তিশালী করছে। বিশেষ করে তৈরি পোশাকের পাশাপাশি আইটি সেবা, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ এবং কৃষিপণ্য রপ্তানির সুযোগ বাড়ানো গেলে বৈদেশিক আয়ের উৎস আরও বিস্তৃত হবে।
ডিজিটাল প্রযুক্তির বিকাশ অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা। স্মার্ট কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ই-কমার্স ও তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী কার্যক্রম উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করছে। সরকারের “স্মার্ট বাংলাদেশ” উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবাতেও বড় ধরনের পরিবর্তন আসবে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
এছাড়া সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমির সম্ভাবনাও বিশাল। বঙ্গোপসাগরের বিশাল জলসীমা ব্যবহার করে মৎস্যসম্পদ আহরণ, সামুদ্রিক জ্বালানি, নবায়নযোগ্য শক্তি ও সমুদ্রবন্দর ভিত্তিক শিল্প গড়ে তোলা গেলে বাংলাদেশ একটি শক্তিশালী সামুদ্রিক অর্থনীতির দেশ হিসেবে উঠে আসতে পারে। ইতিমধ্যেই সরকার ব্লু ইকোনমি উন্নয়নে নীতি গ্রহণ করেছে, যা সঠিকভাবে বাস্তবায়িত হলে জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
সব মিলিয়ে রেমিট্যান্স প্রবাহ, রপ্তানি খাতের বহুমুখীকরণ, ডিজিটাল প্রযুক্তির বিস্তার এবং ব্লু ইকোনমির সদ্ব্যবহার এসবই বাংলাদেশের অর্থনীতিকে সংকট থেকে সম্ভাবনার নতুন দিগন্তে নিয়ে যেতে পারে।
অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে এখন প্রয়োজন বাস্তবসম্মত ও দ্রুত কার্যকর পদক্ষেপ। প্রথমতঃ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সবচেয়ে জরুরি। কৃত্রিম সংকট সৃষ্টি করা ও অসাধু ব্যবসায়ীদের সুযোগ নেওয়ার প্রবণতা কঠোরভাবে দমন করতে হবে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং আমদানি–রপ্তানি নীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের জীবনযাত্রার চাপ অনেকটা কমে আসবে।
দ্বিতীয়ত: ব্যবসা-বাণিজ্যের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। শিল্প ও বিনিয়োগ খাতে নীতি–সহায়তা বাড়ানো, কর ব্যবস্থাকে সহজ করা এবং উদ্যোক্তাদের জন্য স্বল্পসুদে ঋণের সুযোগ নিশ্চিত করা গেলে অর্থনৈতিক চাকা আরও গতিশীল হবে। একইসঙ্গে ব্যাংক খাতে আস্থার সংকট নিরসন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি সরাসরি বিনিয়োগ ও প্রবৃদ্ধিকে প্রভাবিত করে।
তৃতীয়ত: প্রযুক্তি ও আধুনিকায়নের ব্যবহার বাড়াতে হবে। স্মার্ট কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং ডিজিটাল প্রযুক্তির বিস্তার উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানও তৈরি করতে পারে। সরকারের “স্মার্ট বাংলাদেশ” পরিকল্পনা যদি সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন হয়, তবে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও বাণিজ্য সব ক্ষেত্রেই একটি ইতিবাচক পরিবর্তন আসবে।
চতুর্থতঃ সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বঙ্গোপসাগরের সমুদ্র সম্পদকে ব্যবহার করে মৎস্য আহরণ, সামুদ্রিক জ্বালানি, পর্যটন এবং বন্দরভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব। সঠিক পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা গেলে ব্লু ইকোনমি বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন মাত্রা দিতে পারে। পরিশেষে রাজস্ব সংগ্রহে দক্ষতা, দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কেবল সংকট মোকাবিলা নয়, বরং দীর্ঘমেয়াদে অর্থনীতিকে টেকসই পথে এগিয়ে নিতে হলে এসব পদক্ষেপ এখন অতীব জরুরি।
বাংলাদেশের অর্থনীতি আজ এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক অগ্রগতি, রেমিট্যান্স প্রবাহের স্থিতিশীলতা, রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ও মুদ্রা বাজারে নিয়ন্ত্রণ ফিরে আসা ভবিষ্যতের আশার আলো দেখাচ্ছে। অন্যদিকে নিম্ন জিডিপি প্রবৃদ্ধি, বিনিয়োগ স্থবিরতা, ব্যাংক খাতের ক্রমবর্ধমান অনিয়ম, খেলাপি ঋণের বোঝা এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপ অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। এর সঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তা ও দুর্বল প্রশাসনিক কাঠামো যোগ হয়ে সংকটকে আরও ঘনীভূত করছে।
এই বাস্তবতায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সুশাসন প্রতিষ্ঠা, নীতি–নির্ধারণে স্বচ্ছতা, আর্থিক খাতের সংস্কার এবং বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো জরুরি। একই সঙ্গে কৃষি, শিল্প ও সেবা খাতে বহুমুখীকরণ, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং শ্রমশক্তিকে দক্ষ করে তোলাই হতে পারে ভবিষ্যতের চাবিকাঠি। রাজনৈতিক স্থিতিশীলতা ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর সমন্বয়ে বাংলাদেশ আবারও দক্ষিণ এশিয়ার উদীয়মান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। অর্থাৎ সংকট যত গভীরই হোক, সম্ভাবনার দুয়ার এখনও উন্মুক্ত—প্রশ্ন কেবল সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া যাবে কি না।

