মার্কিন শুল্কের চাপের মধ্যে ভারতের তৈরি পোশাক শিল্প নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে দেশটি তার পোশাক খাতের সহায়তায় আমদানীকৃত তুলার ওপর শুল্কমুক্ত সুবিধার মেয়াদ তিন মাস বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। খবর রয়টার্স।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদক দেশ। গত জুনে দেশটি তুলা আমদানিতে ১১ শতাংশ শুল্ক প্রত্যাহার করে সেপ্টেম্বর পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দেয়।
যুক্তরাষ্ট্রে ভারতীয় পোশাক ও গহনার ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে গত বুধবার। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের রফতানি খাত, বিশেষ করে পোশাক শিল্প বড় ধরনের চাপে পড়েছে। ২০২৪ সালে ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ২ হাজার ২০০ কোটি ডলারের পোশাক ও গহনা আমদানি হয়েছিল। বর্তমানে দেশটির পোশাক বাজারে ভারতের অংশ মাত্র ৫.৮ শতাংশ।
ভারতের কটন অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল গণাত্রা জানান, ‘শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকায় এ বছর তুলা আমদানি রেকর্ড ৪২ লাখ বেল ছাড়াতে পারে। আগামী বছরের প্রথম প্রান্তিকেও আমদানি ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকবে।’

