ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে। খাতের ব্যবসায়ীরা বলছেন, সয়াবিন তেলের ধারাবাহিক দরপতন পাম অয়েলের বাজারেও প্রভাব ফেলেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের সম্ভাব্য বাণিজ্য আলোচনার দিকে ব্যবসায়ীদের সতর্ক নজর রয়েছে।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহের চুক্তিতে পাম অয়েলের দাম ২৬ রিঙ্গিত বা ০.৫৮ শতাংশ কমে ৪ হাজার ৪৬২ রিঙ্গিতে (প্রায় ১ হাজার ৬১ ডলার ১২ সেন্ট) পৌঁছেছে।
তবে ব্যবসায়ীদের মতে, মালয়েশিয়ায় সীমিত উৎপাদন ও রফতানির চাহিদা বেশি থাকায় দাম উল্লেখযোগ্যভাবে পতিত হয়নি। এ সময় ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ ও শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন ও পাম অয়েলের দাম যথাক্রমে ০.৪৮ এবং ০.৮ শতাংশ কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের টেকনিক্যাল অ্যানালিস্ট ওয়াং তাও বলছেন, “পাম অয়েলের দাম টনপ্রতি ৪ হাজার ৪৫৫ রিঙ্গিতে পৌঁছাতে পারে। এরপর তা আবার টনপ্রতি ৪ হাজার ৪২১ রিঙ্গিতে নেমে আসতে পারে।”

