যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের জবাবে ব্রাজিলও পাল্টা বাণিজ্য পদক্ষেপ নিতে যাচ্ছে। শুক্রবার (২৯ আগস্ট) দেশটির সরকারি সূত্রের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শুল্কের বিষয়ে একটি পর্যালোচনা অনুমোদন করেছেন। ট্রাম্প এই শুল্ক আরোপ করেছেন চলমান বিচারকে কেন্দ্র করে, যা তার মিত্র জাইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগের সঙ্গে যুক্ত।
ব্রাজিলের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আগামী ৩০ দিনের মধ্যে নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্রের শুল্ক দেশটির ‘অর্থনৈতিক পারস্পরিকতা আইন’-এর আওতায় আসে কিনা। এক কূটনৈতিক সূত্র জানায়, যদি শুল্ক আইনটির আওতায় পড়ে, তবে বিশেষজ্ঞ দল পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেবে। এর মধ্যে প্রতিশোধমূলক শুল্কও থাকতে পারে।
সূত্র আরও জানায়, ব্রাজিল শিগগিরই যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ খতিয়ে দেখার সিদ্ধান্ত জানাবে। তবে কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রয়েছে।
গত এপ্রিলে ব্রাজিলে পাস হওয়া ‘অর্থনৈতিক পারস্পরিকতা আইন’ সরকারকে এমন দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অনুমতি দেয়, যারা একতরফাভাবে ব্রাজিলের প্রতিযোগিতায় ক্ষতি করে। এই পদক্ষেপের মধ্যে রয়েছে বাণিজ্য সুবিধা, বিনিয়োগ বা মেধা সম্পত্তি চুক্তি স্থগিত করা। অন্য দেশের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আইনটি শেষ পদক্ষেপ হিসেবে কার্যকর হয়।
গত ৬ আগস্ট ব্রাজিলের কফি ও অন্যান্য পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পর দুই দেশের সম্পর্ক জটিল হয়ে উঠেছে। বৃহস্পতিবার লুলা অভিযোগ করেন, ওয়াশিংটন ব্রাজিলের কথায় নজর দিচ্ছে না। তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের কারও সঙ্গে কথা বলতে পারিনি।”
যদিও ট্রাম্পের বাণিজ্য নীতি মূলত বড় বাণিজ্য উদ্বৃত্ত থাকা দেশগুলোকে লক্ষ্য করে, ব্রাজিলের ক্ষেত্রে চিত্র ভিন্ন। ২০২৪ সালে ল্যাটিন আমেরিকার এই বৃহত্তম অর্থনীতির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ২৯.৬ বিলিয়ন ডলার।
ব্রাজিল যুক্তরাষ্ট্র থেকে শিল্প যন্ত্রপাতি, গাড়ির ইঞ্জিন, মহাকাশ শিল্পের যন্ত্রাংশসহ স্টিল-ভিত্তিক পণ্য আমদানি করে। ট্রাম্প এই শুল্ক আরোপের কারণ হিসেবে বলছেন লুলার মিত্র জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার। বিরোধ নিষ্পত্তির জন্য ব্রাজিল চলতি মাসের শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে সাহায্য চেয়েছিল।

