বাংলাদেশের চামড়া ও ফুটওয়্যার খাত যুক্তরাষ্ট্রের বাজারে নতুন সুযোগ পাচ্ছে। রপ্তানিকারকরা বলছেন, চীন ও ভারতের তুলনায় বাংলাদেশের ওপর শুল্ক কম হওয়ায় এটি সুবিধাজনক অবস্থান তৈরি করেছে।
আলোচনার মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন পাল্টা শুল্ক ২০ শতাংশে নামানো হয়েছে। অন্যদিকে, ভারতের ওপর ৫০ শতাংশ এবং চীনের ওপর ৩০ শতাংশ শুল্ক এখনও কার্যকর রয়েছে। চামড়া খাতের উদ্যোক্তারা জানান, শুল্ক সুবিধার কারণে কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছ থেকে বাড়তি অর্ডার পেতে শুরু করেছে। তবে তারা সতর্ক করে বলেন, বিনিয়োগ পরিবেশ, অবকাঠামো ও ইউটিলিটি সরবরাহে সমস্যা থাকায় এই সুযোগ পুরোপুরি কাজে লাগানো কঠিন হতে পারে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে চামড়া ও ফুটওয়্যার রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে ১.৭ বিলিয়ন ডলার। এটি আগের বছরের তুলনায় ১৪.৪৫ শতাংশ বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৩৯৭.৫ মিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ২০-২৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে রপ্তানি আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে।
লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হয়েছে। বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে আগ্রহী হবে, যা বিনিয়োগ আনবে। তবে সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন।” এছাড়া, নাজমুল বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আকর্ষণে দেশের ইউটিলিটি সমস্যা বড় বাধা। “নতুন কারখানা স্থাপনে গ্যাস ও বিদ্যুতের অপ্রতুল জোগান শিল্প খাতের জন্য বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ অনিয়মিত, গ্যাস পর্যাপ্ত নয়। তাই সব শিল্পই সমস্যায় ভুগছে।”
তিনি যোগাযোগ ব্যবস্থার সমস্যার কথাও উল্লেখ করেন। “বিদেশি উদ্যোক্তা বাংলাদেশ সফর করতে চাইলে যানজট ও অবকাঠামো দেখার পর আগ্রহ হারিয়ে ফেলেন। বিনিয়োগ বাড়াতে হলে সামগ্রিক পরিবেশ উন্নত করতে হবে।” দেশের শীর্ষ জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলছেন, বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে দেশের সক্ষমতার ঘাটতি রয়েছে। এটি ঠিক না করলে বিনিয়োগ প্রতিযোগী দেশগুলোতে চলে যেতে পারে। কিছু রপ্তানিকারক ইতিমধ্যেই সুবিধা পাচ্ছেন।
ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান বলেন, “ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির ফলে বাংলাদেশের জন্য সুবিধা এবং অসুবিধা দুটোই তৈরি হয়েছে। চীন ও ভারতের শুল্ক বেশি হওয়ায় কিছু অর্ডার বাংলাদেশে এসেছে। আরও অর্ডার পাইপলাইনে রয়েছে।” তিনি সতর্ক করে বলেন, সময়মতো পণ্য সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মার্কিন শুল্ক নীতির সুফল পেতে সরকারি সেবা বিশেষ করে কাস্টমসের আন্তরিকতা প্রয়োজন। না হলে অর্ডার পাওয়া যাবে, কিন্তু সময়মতো ডেলিভারি না দিতে পারলে বড় লোকসান হতে পারে।”
সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা আরো পাঁচটি কোম্পানির কর্মকর্তারা জানান, শুল্ক পরিবর্তনের কারণে চাহিদা বাড়ার আশা করছেন। নারীদের জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান আকিজ ফুটওয়্যার লিমিটেড জানায়, তাদের ১০০ কোটি টাকার টার্নওভারের প্রায় ৬০ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। কোম্পানির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যে আগের অর্ডার আটকে ছিল তা ডেলিভারি করা হয়েছে। নতুন অর্ডারও পাচ্ছি।”

