জুলাইয়ে টয়োটা মোটর করপোরেশনের বৈশ্বিক উৎপাদন ও বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। জাপানি প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, উৎপাদন ৫.৩ শতাংশ বেড়ে ৮ লাখ ৪৬ হাজার ৭৭১ ইউনিটে পৌঁছেছে। একই সময়ে বিক্রিও ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮ লাখ ৯৯ হাজার ৪৪৯ ইউনিটে দাঁড়িয়েছে। এ ফলে টয়োটা বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতার অবস্থান ধরে রেখেছে।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে উৎপাদন সবচেয়ে বেশি বেড়েছে। দেশটিতে জুলাইয়ে উৎপাদন ২৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫ হাজার ১৪৫ ইউনিটে পৌঁছেছে। গতিতে ফেরার এই বৃদ্ধি এসেছে গাড়ি ফেরত নেওয়ার কারণে স্থগিত থাকা উৎপাদন পুনরায় শুরু হওয়ার পর। চীনে নতুন ইভি মডেলের জনপ্রিয়তার কারণে উৎপাদন ১৭.১ শতাংশ বেড়েছে। তবে ভূমিকম্প ও সুনামি সতর্কতার কারণে জাপানে উৎপাদন ৫.৫ শতাংশ কমেছে।
টয়োটা জানিয়েছে, চলতি অর্থবছরে নিট মুনাফা ৪৪.২ শতাংশ কমে ২.৬৬ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়াতে পারে। হ্রাসের পেছনে মূল কারণ হলো যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক। অন্যদিকে, হোন্ডা, নিশানসহ সাতটি প্রধান জাপানি গাড়ি নির্মাতা জুলাইয়ে উৎপাদন কমিয়েছে। টয়োটা সহ এই আটটি প্রতিষ্ঠানের মোট উৎপাদন আগের বছরের তুলনায় ১.৭ শতাংশ কমে ২০ লাখ ১৫ হাজার ৯৩২ ইউনিটে নেমে এসেছে। এ পতনের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে এশিয়া ও ইউরোপের বাজারে তীব্র প্রতিযোগিতা।
বিস্তারিতভাবে, হোন্ডার উৎপাদন ৭ শতাংশ কমে ২ লাখ ৭৭ হাজার ৬৩৫ ইউনিটে দাঁড়িয়েছে। সংকটে থাকা নিশানের উৎপাদন ৪.২ শতাংশ কমে ২ লাখ ২৭ হাজার ৫৬৩ ইউনিটে নেমেছে। টয়োটা গ্রুপের সহযোগী দাইহাৎসু দেশীয় কারখানা সাময়িকভাবে বন্ধ রাখায় উৎপাদন ৬.৭ শতাংশ কমে ১ লাখ ২৯ হাজার ১ ইউনিটে নেমেছে। অন্যদিকে, মাজদার উৎপাদন ২২.৬ শতাংশ কমে ৮৬ হাজার ৫৫১ ইউনিটে নামেছে।

