রপ্তানি পণ্যের কনটেইনার পরিচালনার মাশুল বা হ্যান্ডলিং চার্জ বৃদ্ধি নিয়ে দেশের ফ্রেইট ফরওয়ার্ডার খাতের ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই চার্জ ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। তারা বলেন, এই পদক্ষেপ রপ্তানিকারীদের ওপর বড় চাপ তৈরি করবে এবং দেশের সামগ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা হারানোর ঝুঁকি তৈরি হবে।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বিএএফএফএ) সাধারণ সদস্যরা। সংবাদ সম্মেলনে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ) কনটেইনার হ্যান্ডলিং চার্জ ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন হার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
নতুন চার্জ অনুযায়ী, বন্দরে ২০ ফুট রপ্তানি কনটেইনারের চার্জ ৬ হাজার ১৮৭ টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার ৯০০ টাকা করা হয়েছে। ৪০ ফুট কনটেইনারের চার্জ বেড়ে ১৩ হাজার ২০০ টাকা এবং ৪৫ ফুট হাই-কিউব কনটেইনারের চার্জ ১৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। খালি কনটেইনার, লিফট-অন বা লিফট-অফ, ডকুমেন্টেশন, গ্রাউন্ড রেন্টসহ প্রায় সব সেবাতেই অতিরিক্ত মাশুল আরোপ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএএফএ সদস্য আবরারুল আলম। তিনি বলেন, সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাজারের অনিশ্চয়তার মধ্যে এই চার্জ বৃদ্ধি রপ্তানি খাতের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। আবরারুল আলম বলেন, চার্জ বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হবে। ক্রেতারা বিকল্প বাজার খুঁজতে পারে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এই অতিরিক্ত খরচ বহন করতে পারবে না। অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে রপ্তানি সীমিত বা বন্ধ করতে পারে।
ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন কনটেইনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা বলেন, রপ্তানি বাণিজ্যের স্বার্থে সরকারকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। শুল্ক বাড়ানোর পরিবর্তে পরিষেবা উন্নয়ন, স্বচ্ছতা ও ডিপো পরিচালনার দক্ষতা বাড়ানো দরকার। তারা আরও দাবি করেছেন—কার্গো আনলোডের সময় কমানো, পর্যাপ্ত জনবল নিয়োগ, দক্ষ শ্রমিক নিশ্চিত করা ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে খরচ বাড়ানো ছাড়া সেবার মানোন্নয়ন সম্ভব।
আবরারুল আলম বলেন, রপ্তানি খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অতিরিক্ত খরচ চাপালে রপ্তানি আয় কমবে, বৈদেশিক মুদ্রার সংকট বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্য আনোয়ার হোসেন, আদনান ইকবাল, হাসনাত আবদুল্লাহ, মুনিম মাহফুজ ও শামসুল হক প্রমুখ।

