মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি আরোপিত শুল্ক বাংলাদেশের জন্য রপ্তানি ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ভারতের তুলনায় বাংলাদেশের ওপর কম শুল্ক আরোপ এবং চীনের ওপর উচ্চ শুল্কের কারণে ২০২৫-২৬ অর্থবছরে মার্কিন বাজারে বাংলাদেশ ২০৫ কোটি ডলার বেশি রপ্তানি করতে পারবে।
আজ শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন। মোয়াজ্জেম হোসেন ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর প্রয়াত সম্পাদক এবং ইআরএফের প্রতিষ্ঠাকালীন সভাপতি।
ড. জাহিদ হোসেন বলেন, “ভারতের ওপর বাংলাদেশের তুলনায় ৩০ শতাংশ বেশি শুল্কারোপ করা হয়েছে। এর ফলে ১২০ থেকে ২০৭ কোটি ডলার বেশি রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। চীনের ওপর বেশি শুল্ক আরোপের কারণে মার্কিন বাজারে সাত থেকে পঁচিশ মিলিয়ন ডলার অতিরিক্ত রপ্তানি হতে পারে।”
তিনি আরো জানান, “সার্বিকভাবে বাংলাদেশ এখনও ‘মধ্যম আয়ের দেশ’ এর ফাঁদে আটকে আছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দুর্বল ব্যাংক খাত, অপ্রতিষ্ঠিত লজিস্টিক ব্যবস্থা, অনুন্নত শ্রম বাজার এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয় এর অন্যতম কারণ।” অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন আশা করা হয়েছিল তা হয়নি। বরং বৈষম্য বেড়েছে।” ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

