চট্টগ্রাম বন্দর বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়েছে। লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্ট প্রকাশিত সর্বশেষ তালিকায় দেশের প্রধান সমুদ্রবন্দরটি রয়েছে ৬৮তম স্থানে।
তালিকার শীর্ষ পাঁচটির মধ্যে চারটিই চীনের বন্দর। প্রথম স্থানে আছে সাংহাই, যেখানে গত বছর ৫ কোটি ১৫ লাখ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। ভারতীয় বন্দর মুন্দ্রা ও জওহরলাল নেহেরুও আগের অবস্থান হারিয়েছে।
লয়েডস লিস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়েছে ৩২ লাখ ৭৫ হাজার কনটেইনার। আগের বছর এ সংখ্যা ছিল ৩০ লাখ ৫০ হাজার। অর্থাৎ এক বছরে পরিবহন বেড়েছে ৭ দশমিক ৩৭ শতাংশ। এসব কনটেইনার ওঠানো-নামানো হয়েছে বন্দরের চারটি কনটেইনার টার্মিনাল, কমলাপুর কনটেইনার ডিপো এবং পানগাঁও নৌ টার্মিনাল মিলিয়ে।
তবে পরিবহন বেড়েছে ঠিকই কিন্তু বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। কারণ লয়েডস লিস্ট তালিকা তৈরির ক্ষেত্রে শুধুমাত্র কনটেইনার হ্যান্ডলিং সংখ্যাকেই ভিত্তি ধরে। গত এক দশকে চট্টগ্রাম বন্দরের সেরা অবস্থান ছিল ২০১৯ সালে, যখন বন্দরটি ছিল ৫৮তম স্থানে। লয়েডস লিস্ট প্রতি বছর এই তালিকা প্রকাশ করে এবং বন্দরগুলোর বার্ষিক কনটেইনার হ্যান্ডলিংই সেখানে একমাত্র সূচক হিসেবে বিবেচিত হয়।

