সব ধরনের চাকরিজীবীকেই আয়কর রিটার্ন দিতে হয়। তবে সরকারি কর্মকর্তাদের জন্য এটি বাধ্যতামূলক। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের আয়কর নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের কোন কোন আয় করের আওতায় আসবে, তার বিস্তারিত উল্লেখ রয়েছে।
সরকারি চাকরিজীবীদের মোট ১৫ ধরনের আয় করযোগ্য হিসেবে ধরা হয়েছে। এগুলো হলো—
১. মূল বেতন
২. বকেয়া বেতন
৩. বিশেষ বেতন (অতিরিক্ত দায়িত্ব বা বিশেষ কাজের জন্য)
৪. বাড়িভাড়া ভাতা
৫. চিকিৎসা ভাতা
৬. যাতায়াত ভাতা
৭. উৎসব ভাতা
৮. সহায়ক কর্মীর ভাতা (ড্রাইভার, দারোয়ান বা অন্য কর্মী রাখার জন্য)
৯. ছুটি ভাতা (অব্যবহৃত ছুটি নগদায়ন)
১০. সম্মানী ও পুরস্কার
১১. ওভারটাইম ভাতা
১২. বৈশাখী ভাতা (বাংলা নববর্ষ উপলক্ষে)
১৩. ভবিষ্য তহবিলে জমার সুদ
১৪. লাম্পগ্র্যান্ট (এককালীন ভাতা)
১৫. গ্র্যাচুইটি (অবসরে প্রাপ্ত অর্থ)
বেসরকারি চাকরিজীবীদের ১১ ধরনের আয় করের আওতায় থাকবে। এগুলো হলো—
১. বেতন বা পারিশ্রমিক
২. করযোগ্য ভাতা (যাতায়াত, চিকিৎসাসহ অন্যান্য)
৩. অগ্রিম বা বকেয়া বেতন
৪. আনুতোষিক, অ্যানুইটি ও পেনশন
৫. পারকুইজিট (অতিরিক্ত সুবিধা যেমন বাসা, বিদ্যুৎ, ফোন বিল ইত্যাদি)
৬. বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্ত অর্থ
৭. কর্মচারী শেয়ার স্কিম থেকে প্রাপ্ত আয় (বোনাস বা ডিভিডেন্ড)
৮. আবাসন সুবিধা (বিনা খরচে বা কম খরচে বাসা)
৯. মোটরগাড়ি সুবিধা
১০. নিয়োগকর্তার দেওয়া অন্যান্য আর্থিক সুবিধা (ক্লাব সদস্যপদ, ট্যুর সুবিধা ইত্যাদি)
১১. স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তার চাঁদা (প্রভিডেন্ট ফান্ডে কোম্পানির অংশ)
এনবিআরের এই নির্দেশিকা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের তুলনায় বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয়ের ধরন কিছুটা কম। তবে উভয় ক্ষেত্রেই ভাতা, বাড়তি সুবিধা ও অবসরের পর প্রাপ্ত অর্থ করের আওতায় আনা হয়েছে।

