দেশের বাজারে আবার বাড়ছে সোনার দাম। প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৬৬৮ টাকা। এতে আজ রোববার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম দাঁড়াবে ১ লাখ ৭৪ হাজার ৩১৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বাড়ায় নতুন এ দর নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৬ আগস্ট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। চলতি বছরের ২৩ এপ্রিল ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি দাঁড়িয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। সেটিই এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ দাম। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে—
- ২২ ক্যারেট: ১ লাখ ৭৪ হাজার ৩১৯ টাকা
- ২১ ক্যারেট: ১ লাখ ৬৬ হাজার ৩৯৮ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা
গতকাল শনিবার পর্যন্ত বাজারে বিক্রি হয়েছে—
- ২২ ক্যারেট: ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা
- ২১ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা
- সনাতন: ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা
অর্থাৎ নতুন দরে ২২ ক্যারেটে বাড়ছে ১ হাজার ৬৬৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৬৪ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ১৭৮ টাকা।

