অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, ২০২২-২৩ অর্থবছরের তুলনায় বর্তমানে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে। কর্মচাঞ্চল্যও বেড়েছে। তবে দরিদ্রতা ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে।
গতকাল শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোয়াজ্জেম হোসেন ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সাবেক সম্পাদক ও ইআরএফের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।
ড. জাহিদ বলেন, “অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে, কারণ অস্থিতিশীলতার পেছনে যারা ছিলেন তারা ক্ষমতাচ্যুত হয়েছে। দেশ থেকে অর্থপাচার বন্ধ হয়েছে। হুন্ডি কমেছে, বৈদেশিক মুদ্রা দেশে আসছে। ব্যাংকের লুটপাট বন্ধ হয়েছে। তবে ব্যাংকের প্রকৃত অবস্থা এখনও ভালো নয়, খেলাপি ঋণ বেড়েছে।” তিনি আন্তর্জাতিক পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক উল্লেখ করেন। বিশেষ করে ডলারের দাম কমে যাওয়াকে গুরুত্ব দেন।
তিনি আরো বলেন, “এই স্থিতিশীলতার পিছনে নীতির কোনো অবদান নেই। তবে অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। নীতিতে শৃঙ্খলা এসেছে। তবে এর অর্থ এই নয় যে সরকার যা করছে সব ঠিক।” তিনি বিশ্লেষণ করেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি বাংলাদেশের জন্য নতুন রপ্তানি সুযোগ তৈরি করেছে। ভারত ও চীনের ওপর শুল্ক বৃদ্ধির ফলে ২০২৫-২৬ অর্থবছরে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি ২০৫ কোটি ডলার পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারতের ওপর বাংলাদেশের তুলনায় বেশি শুল্কারোপের ফলে ১২০ থেকে ২০৭ কোটি ডলার এবং চীনের ওপর বেশি শুল্কারোপের কারণে সাত থেকে পঁচিশ মিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি বাড়তে পারে।
ড. জাহিদ আরো যোগ করেন, “বাংলাদেশ মধ্যম আয়ের দেশের ফাঁদে আটকে আছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দুর্দশাগ্রস্ত ব্যাংক খাত, দুর্বল লজিস্টিক সিস্টেম, লেবার মার্কেটের উন্নয়ন না হওয়া ও প্রাতিষ্ঠানিক অবক্ষয় এর অন্যতম কারণ।” তিনি বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম নিয়েও মন্তব্য করেন। বলেন, “রাজনৈতিক সদিচ্ছা থাকলেই সংস্কার হবে এমন নিশ্চয়তা নেই। রিফর্ম ডেলিভারি ক্যাপাসিটি থাকতে হবে। উপদেষ্টা পরিষদ, প্রশাসন, ব্যবসায়ী গোষ্ঠী ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগ না হলে সংস্কার আটকে যাবে।” ড. জাহিদ উপদেষ্টা পরিষদের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, “কিছু ক্ষেত্রে তারা আন্তরিক, কিছু ক্ষেত্রে সাহসী, কিছু ক্ষেত্রে দিশাহারা।”
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও ফাইনান্সিয়াল এক্সপ্রেস-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের আশা করা হয়েছিল তা ঘটেনি। বরং বৈষম্য বেড়েছে।” স্মারক বক্তৃতা অনুষ্ঠানটি ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আবুল কাশেম অনুষ্ঠানটি পরিচালনা করেন।

