Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্য বাস্তব কি কেবল প্রতিশ্রুতি?
    অর্থনীতি

    বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্য বাস্তব কি কেবল প্রতিশ্রুতি?

    মনিরুজ্জামানআগস্ট 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পৃথিবীর বহু দেশ ধাপে ধাপে কয়লা ও এলএনজি থেকে সরে আসার পরিকল্পনা করছে। অন্যদিকে বাংলাদেশ এখনো শুধুই নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য নির্ধারণে সীমাবদ্ধ।

    ২০২৪ সালের নভেম্বর মাসে কপ২৯ জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈশ্বিক নেতাদের আহ্বান জানান একটি নতুন ‘থ্রি-জিরো সভ্যতা’ গড়ে তোলার জন্য। এই পরিকল্পনায় শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিত করার লক্ষ্য রাখা হয়েছে। তিনি বলেন, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা কেবল মুনাফা সর্বোচ্চকরণকে প্রাধান্য দেয়। এটি জলবায়ু পরিবর্তন ও বৈষম্যকে ত্বরান্বিত করছে। তার মতে, এক নতুন ব্যবস্থার প্রয়োজন যেখানে সব জীবাশ্ম জ্বালানি পরিত্যাগ করে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়া হবে।

    মুহাম্মদ ইউনূসের বক্তৃতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও বাস্তবায়নের বিষয়টি প্রশ্নবিদ্ধ। দেশের ভাবমূর্তি গঠনে এ ধরনের আহ্বান গুরুত্বপূর্ণ, তবে বাস্তব পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? গত এক বছরে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ধীরগতিতে প্রবাহিত হয়েছে। অন্যদিকে, পূর্ববর্তী সরকার দেশের জ্বালানি ব্যবস্থাকে জীবাশ্ম জ্বালানির দিকে টেনে নিয়ে গিয়েছিল। প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকার কি দীর্ঘমেয়াদে শূন্য কার্বন নিঃসরণের পথরেখা স্পষ্ট করার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে? স্বল্প মেয়াদে তা না হলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখনও অনিশ্চিত। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগ এখনো শুধু পরিকল্পনামাত্র। বাস্তবায়ন ও বিনিয়োগ ছাড়া শুধুমাত্র লক্ষ্য নির্ধারণ দেশের জলবায়ু দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

    ২০১৫ সালের প্যারিস চুক্তির মূল লক্ষ্য ছিল শিল্পপূর্ব স্তরের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। এই লক্ষ্য পূরণের জন্য প্রতিটি দেশকে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) বা জাতীয়ভাবে নির্ধারিত অবদান জমা দিতে হয়। এতে দেশগুলো তুলে ধরে তারা গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে এবং জলবায়ুর সঙ্গে খাপ খাওয়াতে কেমন পদক্ষেপ নেবে।

    আগের পদ্ধতির বিপরীতে নতুন ব্যবস্থায় প্রতিটি দেশ কেবল নিজের জাতীয় অবদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। এই সিদ্ধান্ত নেওয়া হয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ধনী শিল্পোন্নত দেশগুলোর প্রচেষ্টার মাধ্যমে। প্রত্যাশা করা হয়েছিল, প্রতিটি দেশের এনডিসি তাদের ন্যায্য অংশীদারিত্ব প্রতিফলিত করবে—যা নির্ধারিত হবে ঐতিহাসিক নির্গমন, অর্থনৈতিক সক্ষমতা এবং বৈশ্বিক জলবায়ু কর্মকাণ্ডে অবদানের ভিত্তিতে। তবে বাস্তবতা ভিন্ন। প্রথম দফার এনডিসি পর্যালোচনায় দেখা গেছে, দেশগুলোর প্রতিশ্রুতিগুলো একত্র করলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২.৭–৩.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এটি চুক্তির নির্ধারিত লক্ষ্য থেকে অনেক বেশি। অর্থাৎ বৈশ্বিক লক্ষ্য থাকা সত্ত্বেও পৃথক প্রতিশ্রুতিগুলো একত্রে পর্যাপ্ত নয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশও তাদের জাতীয় অবদান নির্ধারণ করেছে, কিন্তু বৈশ্বিক সমন্বয় এবং বাস্তবায়ন শুরুর দিকেই এখন বড় চ্যালেঞ্জ।

    প্যারিস চুক্তি অনুযায়ী প্রতি পাঁচ বছরে ‘গ্লোবাল স্টকটেক’–এর মাধ্যমে নতুন ও হালনাগাদ এনডিসি জমা দিতে হয়। প্রথম হালনাগাদ হয় ২০২০–২১ সালে, পরবর্তী হবে ২০২৫ সালে। বাংলাদেশের ২০২১ সালের হালনাগাদ এনডিসি অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন নিঃশর্তভাবে ৬.৭৩ শতাংশ কমাতে হবে। আন্তর্জাতিক সহায়তা পেলে তা ২১.৮৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব কিন্তু বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান ব্যবহার এই লক্ষ্য অর্জনকে কঠিন করছে। বর্তমানে বাংলাদেশ তৃতীয় জাতীয় লক্ষ্য নির্ধারণের কাজ করছে। তবে প্রশ্ন উঠছে, মাত্র লক্ষ্য স্থির করলেই কি তা বাস্তবায়ন সম্ভব হবে? আগে বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু জাতীয় নীতি ও কার্যক্রমের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয়নি। আগের পরিকল্পনায় বিশেষজ্ঞদের সময় ও শক্তি অনেকটা অপচয় হয়েছে।

    এবারও প্রশ্ন রইল—কার্বন নিঃসরণ কমানোর জন্য সরকার আদৌ সমন্বিত উদ্যোগ নিচ্ছে কি না, নাকি নতুন এনডিসি কেবল আরেকটি প্রতিশ্রুতিমূলক ফর্মালিটি হতে চলেছে? বাস্তব পদক্ষেপ না থাকলে লক্ষ্য নির্ধারণই কেবল বাক্যসজ্জা হিসেবে থেকে যাবে।

    গত এক দশকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল হয়েছে। ২০২৪ সালে মোট বিদ্যুতের ৯৮ শতাংশ উৎপন্ন হয়েছে গ্যাস, তেল ও কয়লা ব্যবহার করে। নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ২ শতাংশ। এক সময় প্রাকৃতিক গ্যাস ছিল মূল জ্বালানি। কিন্তু নতুন গ্যাস রিজার্ভ উত্তোলনের চেষ্টার অভাবে দেশ এখন আমদানি করা এলএনজি (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) ও কয়লার ওপর দ্রুত নির্ভর করছে। পায়রা, রামপাল, মাতারবাড়ী ও বরিশালে কয়লাভিত্তিক প্রকল্প ইতিমধ্যেই চালু বা নির্মাণাধীন। এসব প্রকল্প দীর্ঘমেয়াদে কার্বন নির্গমন বাড়াবে এবং আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।

    ২০১৮ সালের পর এলএনজি আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। ২০২২–২৩ অর্থবছরে এলএনজি আমদানিতে খরচ দাঁড়ায় প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোতে কয়লা ও এলএনজিভিত্তিক ব্যাপক বিনিয়োগের কারণে এগুলো পরিত্যাগ করা এখন কঠিন। অর্থাৎ বাংলাদেশ ইতিমধ্যেই ‘কার্বন লক-ইন’-এর শিকার। দীর্ঘমেয়াদি কয়লা ও গ্যাস প্রকল্প নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরকে বিলম্বিত করছে। তাই দেশটির জন্য এখন প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, যা কয়লা ও গ্যাস থেকে সরে আসার পথ স্পষ্ট করবে।

    বাংলাদেশের জ্বালানি খাত এখন জটিল সমস্যার মুখোমুখি—আমদানিনির্ভরতা, ডলারের মূল্যবৃদ্ধি, বৈদেশিক ঋণের চাপ এবং উচ্চ উৎপাদন খরচ। এই সুযোগে কিছু মহল বিদেশ থেকে কয়লা আমদানির বিকল্প হিসেবে দেশের কয়লা উত্তোলনের পুনর্বিবেচনা চাচ্ছে। ফুলবাড়ীতে গণপ্রতিরোধ সত্ত্বেও সরকার নতুন কয়লা উত্তোলনে সক্রিয় হবে কি না, তা এখনও অনিশ্চিত। দীঘিপাড়া থেকে কয়লা উত্তোলনের বিষয়েও আলোচনা চলছে। নতুন কয়লা প্রকল্পের ফলে যে গণপ্রতিরোধ সৃষ্টি হবে, তা এড়িয়ে চলতে অন্তর্বর্তী সরকার নীরব। ফলে কার্বন নির্গমন হ্রাসের প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা এখন কম।

    অন্তর্বর্তীকালীন সরকার বাতিল হওয়া মাতারবাড়ী ১,২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ধাপ পুনরুজ্জীবিত করেছে। পরিকল্পনা কমিশন ইতিমধ্যেই প্রকল্প উন্নয়নের প্রস্তাব অনুমোদন করেছে এবং অর্থায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে নির্দেশ দিয়েছে। কোরিয়ার এক্সিম ব্যাংক ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে অর্থায়ন আলোচনা চলছে। পরিবেশগত ঝুঁকি এবং জাপানের কয়লা প্রকল্পে বিনিয়োগ না করার ঘোষণার পর ২০২১ সালে প্রকল্পটি বাতিল করা হয়েছিল। ২০২২ সালে সরকার ঘোষণা দিয়েছিল, বাংলাদেশ আর নতুন কয়লাভিত্তিক প্রকল্প নেবে না। অথচ মাত্র দুই বছরের ব্যবধানে একই প্রকল্প পুনরুজ্জীবিত করা হচ্ছে। এটি সরকারের দ্বিচারিতার প্রমাণ—একদিকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং নেট-জিরো কার্বন নীতি, অন্যদিকে নতুন কয়লা প্রকল্প।

    এছাড়া, অ্যাডভাইজার্স কাউন্সিল কমিটি ২০২৫ সালের আগস্টে মাতারবাড়ীতে ১ হাজার এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে রাষ্ট্রায়ত্ত আরপিজিসিএল। আগে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া আইন অনুযায়ী মাতারবাড়ী প্রকল্প এগোনোর চেষ্টা করা হলেও অন্তর্বর্তীকালীন সরকার তা বাতিল করেছিল। এখন একই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে। দীর্ঘ মেয়াদে এটি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়িয়ে দেশকে আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতির বিপরীতে দাঁড় করাবে।

    ২০২৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটি এজেন্ট এলএনজি কোম্পানির মাধ্যমে এলএনজি আমদানির পরিকল্পনা করেছে। ট্রাম্প শুল্ক আরোপের পর, শুল্ক কমানোর শর্তে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে। দেখা যাচ্ছে, বাংলাদেশের মতো দেশগুলোতে এলএনজি–নির্ভরতা কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশগুলো সহযোগিতা না করে তাদের সুবিধামতো শর্ত চাপাচ্ছে। এর আগে জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান প্রস্তুত করেছিল। এতে এলএনজি ও কয়লার ওপর নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এক দশক ধরে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়িয়েছে। অর্থাৎ দেশি ও বিদেশি কোম্পানির পরোক্ষ প্রভাব দেশের জীবাশ্ম জ্বালানি নির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    ২০২৪ সালে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের মাত্র ৪–৪.৫ শতাংশ এসেছে নবায়নযোগ্য উৎস থেকে। এ বছরের জুনে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত হবে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) জানাচ্ছে, চলতি বছরের ১২ আগস্ট পর্যন্ত দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের মোট সক্ষমতা দাঁড়িয়েছে ১,৬২৫.৯৫ মেগাওয়াটে। এর মধ্যে ১,২৪৫.৮৩ মেগাওয়াট গ্রিডে এবং ৩৮০ মেগাওয়াট অফ-গ্রিড। প্রতিশ্রুত লক্ষ্য পূরণের জন্য ২০৪০ সালের মধ্যে এটি ১৭,৪৭০ মেগাওয়াটে উন্নীত করতে হবে। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালিসিসের (আইইইএফএ) হিসাব অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর প্রায় ৯৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন। তবে সমস্যা উৎপাদন খরচে। বৈশ্বিক বাজারে সৌরবিদ্যুতের গড় খরচ কিলোওয়াট-ঘণ্টায় মাত্র ০.০৪৩ মার্কিন ডলার, কিন্তু বাংলাদেশে ট্যারিফ প্রায় দ্বিগুণ—০.০৯৮৮ মার্কিন ডলার। গত আট বছরে গ্রিড-স্কেল সৌরবিদ্যুতের খরচ প্রায় ৪৮ শতাংশ কমলেও দেশে প্রতি ইউনিট খরচ ১২.৩০–২২.৩৮ টাকা।

    ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যয় দুই-তিন গুণ বেশি। এমনকি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চেয়ে সৌরবিদ্যুতের খরচ বেশি। জমি ও যন্ত্রপাতি কেনাকাটায় অতিরিক্ত খরচ দেখিয়ে কিছু সৌরবিদ্যুৎকেন্দ্রের মালিকরা ট্যারিফ বাড়িয়েছেন। মূলত প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির কারণে খরচ বেশি হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্য পূরণে সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় কমানো অপরিহার্য। সরকারের উচিত বিনিয়োগে প্রণোদনা, প্রযুক্তিগত সহায়তা এবং করছাড় নীতি জোরদার করা। তা না হলে ২০৩০ সালের লক্ষ্য পূরণ কঠিন হবে এবং বিদ্যুৎ খাতের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে।

    পৃথিবীর বিভিন্ন দেশ ধাপে ধাপে কয়লা ও এলএনজি থেকে সরে আসার পরিকল্পনা করছে। অন্যদিকে বাংলাদেশ শুধুমাত্র নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা নির্ধারণে সীমাবদ্ধ। কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য সরকারের বাস্তব পদক্ষেপ দেখা যাচ্ছে না। একদিকে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ আটকে আছে, অন্যদিকে বাতিল হওয়া পরিকল্পনা পুনরুজ্জীবিত করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে প্যারিস চুক্তির লক্ষ্য পূরণ হবে না। ভবিষ্যৎ প্রজন্মকে আরও বড় জলবায়ু ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করতে হবে। এ থেকে পরিত্রাণের জন্য সরকারের উচিত একটি বাস্তবসম্মত, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা, যা জীবাশ্ম জ্বালানি পরিত্যাগের রূপরেখা স্পষ্ট করবে। সব প্রকল্প হুট করে বাতিল করা সম্ভব নয়। কিন্তু ধাপে ধাপে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার পরিকল্পনা থাকা জরুরি। বাতিল হওয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ এবং কয়লা উত্তোলন উদ্যোগ পুনরুজ্জীবিত করা যদি সরকারের কাজ হয়, তবে তা সংস্কারের নামে ‘হঠকারিতা’ ছাড়া কিছু নয়।

    বাংলাদেশ এখন জীবাশ্ম জ্বালানি নির্ভরতার এক কঠিন চক্রে আটকা। লক্ষ্য স্থির আছে, কিন্তু বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি রূপরেখা নেই। বাতিল হওয়া কয়লা প্রকল্প পুনরুজ্জীবিত করা, নতুন এলএনজি টার্মিনাল অনুমোদন এবং নবায়নযোগ্য জ্বালানির স্থবির বিকাশ—এসব নির্দেশ করে, দেশ এখন দ্বিচারিতার মধ্যে।

    ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু ঝুঁকি এবং অর্থনৈতিক চাপ থেকে রক্ষা করতে হলে এখনই প্রয়োজন বাস্তবসম্মত, ধাপে ধাপে পরিকল্পনা। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, উৎপাদন খরচ কমানো এবং ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কার্যকর রূপরেখা প্রণয়নই একমাত্র পথ। নয়তো আজকের অবহেলা আগামী দিনে বড় ঝুঁকি হিসেবে ফিরে আসবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.