৯২৭ কোটি টাকায় ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ কেনার প্রকল্প ৯ বছর পর বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। চীনের একটি কোম্পানি থেকে কোচগুলো কেনার এই প্রকল্প বাতিল হয়েছে ঋণের জটিল শর্তের কারণে।
প্রকল্প চুক্তি না হওয়ায় কয়েক দফা মেয়াদও বাড়ানো হয়েছিল। সরকারি তহবিল থেকে এ পর্যন্ত খরচ হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। রেলওয়ে জানিয়েছে, সহজ ঋণের আওতায় ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ কেনার নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। এডিবির অর্থায়নে এর ব্যয় ধরা হয়েছে ৩২৮ কোটি ১৫ লাখ ১৬ হাজার টাকা।
সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ে ২০১৬ সালের জুলাইয়ে চীনের একটি কোম্পানি থেকে ৯২৭ কোটি টাকা ব্যয়ে ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ (বগি) কেনার প্রকল্প গ্রহণ করেছিল। প্রকল্পটি টেন্ডারার্স ফাইন্যান্সিং বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় বাস্তবায়ন হওয়ার কথা ছিল। এখানে মূলত চীন অর্থায়ন দিত। কিন্তু ঋণের শর্ত ছিল ছয় মাস মেয়াদি ইউরো আন্তব্যাংক অফার রেটে সুদ নির্ধারণ, ২৫% কমিটমেন্ট ফি, ১.৩% অ্যারেঞ্জমেন্ট ফি এবং ১৫ বছরের ঋণে মাত্র ৩ বছরের গ্রেস পিরিয়ড। এতে দেশের ঋণের চাপ বাড়ার আশঙ্কা ছিল।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেছেন, “ঋণের কিছু শর্ত জটিল হওয়ায় এবং দীর্ঘ সময়েও চুক্তি না হওয়ায় প্রকল্প বাতিল করা হয়েছে। কঠিন শর্তে কেউ চুক্তি করতে রাজি হয়নি। সহজ ঋণের মাধ্যমে ২০০টি মিটারগেজ কোচ কেনার নতুন পরিকল্পনা করা হয়েছে।” সূত্র জানিয়েছে, গত বছরের নভেম্বরে প্রজেক্ট স্টিয়ারিং কমিটি (পিএসসি) ২০০টি কোচ কেনার প্রকল্প অসমাপ্ত রেখে সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর ১৮ আগস্ট রেল মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে উল্লেখ ছিল, প্রকল্প টেন্ডারার্স ফাইন্যান্সিংয়ে অনুমোদিত হলেও সরবরাহকারীর সক্ষমতা ও পণ্যের মান যাচাইয়ের জন্য প্রতিনিধিদল পাঠানো সম্ভব হয়নি। মূল কারণ ছিল কোভিড-১৯।
২০২২ সালের আগস্টে ঋণবিষয়ক স্থায়ী কমিটি অনুমোদন বাতিল করে এবং ঋণচুক্তির প্রক্রিয়া বন্ধ করে। সেপ্টেম্বরেই প্রজেক্ট স্টিয়ারিং কমিটি বাণিজ্যিক চুক্তি বাতিল করে। সরকারি তহবিল থেকে এ সময়ে খরচ হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। আইএমইডি পর্যবেক্ষণ জানিয়েছে, টেন্ডারার্স ফাইন্যান্সিংয়ের শর্ত অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় চুক্তি সম্ভব হয়নি। প্রকল্প বাতিলের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হলে তা চূড়ান্ত হবে।
বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক বলেছেন, “আগের কিছু প্রকল্পে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ জড়িত থাকতে পারে। শর্তে জটিলতা থাকলে চুক্তি না করাই ভালো। সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”
রেলওয়ের সূত্র জানায়, নতুন প্রস্তাবটি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে। ব্যয় ধরা হয়েছে ৩২৮ কোটি ১৫ লাখ ১৬ হাজার টাকা। এর মধ্যে সরকারের অংশ ৯১ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা এবং এডিবির অংশ ২৩৬ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টাকা। প্রকল্পের মেয়াদ ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৯ পর্যন্ত। এ প্রকল্পের আওতায় ২টি মিটারগেজ ও ২টি ব্রডগেজ রিলিফ ক্রেন এবং ৪টি আন্ডারফ্লোর হুইল লেদ মেশিনও কেনা হবে।
ড. শামসুল হক বলেন, “বিভিন্ন দেশ বা প্রতিষ্ঠান থেকে কোচ-ইঞ্জিন কেনার বদলে নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করলে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য জটিলতা এড়ানো যাবে। এতে রেলের লাভও বাড়বে এবং সেবার মানও উন্নত হবে।”

