যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে পোশাক আমদানিতে ৫০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। এতে পশ্চিমবঙ্গের মেটিয়াবুরুজ ও বারাসতের পোশাক উৎপাদন কেন্দ্রগুলোতে শঙ্কার ছায়া নেমে এসেছে। পাশাপাশি ভারত–বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় ভারতের অর্থনীতিতে যেন ‘দুই ধাক্কা’ একসাথে লেগেছে।
উৎপাদকেরা জানিয়েছেন, কলকাতা ও মুম্বাইয়ের এজেন্টরা এই কেন্দ্রগুলো থেকে পোশাক কিনে যুক্তরাষ্ট্রে পাঠান। শুল্ক ঘোষণার পর তারা অর্ডার বন্ধ করে দিয়েছে। মেটিয়াবুরুজের পোশাক ব্যবসায়ী সরফরাজ হোসেন বলেন, ‘আমরা সরাসরি রপ্তানি করি না। এজেন্টরা আমাদের কাছ থেকে কিনে মার্কিন বাজারে পাঠাত। শুল্ক কার্যকর হওয়ার পর তারা আর কনসাইনমেন্ট পাঠাচ্ছেন না। ফলে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
মেটিয়াবুরুজে ১৫ হাজারের বেশি কারখানা আছে। এখানে পাঁচ লাখের বেশি শ্রমিক কাজ করেন। বারাসতের রিজেন্ট গার্মেন্ট অ্যান্ড অ্যাপারেল পার্কে প্রায় ২৫০টি প্রতিষ্ঠান আছে। অনেক প্রতিষ্ঠান মেটিয়াবুরুজভিত্তিক হলেও রপ্তানির সুবিধার জন্য বারাসতে শাখা খোলেছে। কলকাতা থেকে রপ্তানিকৃত পোশাকের প্রায় ২০ শতাংশ যুক্তরাষ্ট্রে যায়।
পোশাক ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, ‘বাংলাদেশে অস্থিরতার কারণে গত বছর ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঢাকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও অর্ডার আগের অবস্থায় ফেরেনি। যুক্তরাষ্ট্রের শুল্ক আমাদের সমস্যাকে আরও বাড়াবে। এখন দেশীয় বাজারের ওপর নির্ভর করতে হবে।’ মেটিয়াবুরুজ ও বারাসতের উৎপাদকরা সাধারণত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় অর্ডার পান। এতে সাধারণ পোশাক, শার্ট, ফ্রক ও দেশি পোশাক রয়েছে। ব্যবসায়ী আরিফ মণ্ডল বলেন, ‘রপ্তানি অর্ডার অন্তত ৫ শতাংশ কমে গেছে।’
কলকাতার রপ্তানিকারক প্রভাস আগরওয়াল জানান, ‘যুক্তরাষ্ট্রের জন্য প্রস্তুত কনসাইনমেন্ট আমরা আটকে রেখেছি। যদি অর্ডার বাতিল হতো, তবে পোশাক দেশীয় বাজারে পাঠাতে পারতাম।’
পশ্চিমবঙ্গ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবেন্দ্র বৈদ্য বলেন, ‘শুল্ক সমস্যার তাৎক্ষণিক কোনো সমাধান নেই। দেশীয় বাজারের ওপর আরও নির্ভর করতে হবে এবং বিকল্প বিদেশি বাজার খুঁজতে হবে। অর্ডার আটকে থাকায় এজেন্টদের পাওনাও আটকে গেছে।’
অ্যামরিট এক্সপোর্টসের এমডি ও অ্যাপারেল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের চেয়ারম্যান অনিল বুচাসিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রে ব্যবসা বাড়ানোর জন্য ১০০ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা ছিল। আপাতত তা স্থগিত করতে হয়েছে।’

