কৃষি খাতের কীটনাশক উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএমএ)। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ বিষয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।
বিএএমএ জানিয়েছে, বালাইনাশক বা কীটনাশক আমদানি করলে আমদানিকারকদের মাত্র ৫ শতাংশ শুল্ক দিতে হয়। কিন্তু স্থানীয় উৎপাদনকারীরা পণ্য তৈরিতে ব্যবহৃত কাঁচামাল আমদানি করলে ৩১ থেকে ৫৮ শতাংশ শুল্ক দিতে হয়। বিএএমএ বলছে, এটি একেবারেই অযৌক্তিক।
সংস্থার দাবি, বালাইনাশকের কাঁচামালকে ‘কাস্টমস প্রসিডিউর’ কোডে অন্তর্ভুক্ত করলে শুল্ক কমানো সম্ভব হবে। এতে উৎপাদন খরচ কমে কৃষকের কাছে ন্যায্যমূল্যে কীটনাশক পৌঁছানো যাবে। পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
বিএএমএ সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, “কীটনাশক আমদানি শুল্ক মাত্র ৫ শতাংশ অথচ এর কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক, এটি মোটেই যৌক্তিক নয়। এতে দেশে উৎপাদনের তুলনায় আমদানিতেই বেশি লাভ হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও স্থানীয় উৎপাদনকারীরা। দেশের শিল্প বিকাশে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো জরুরি। নইলে দেশ সারাজীবন আমদানিনির্ভর থাকবে।” শুল্ক কমালে কম খরচে উৎপাদন সম্ভব হবে। এতে দেশের চাহিদা মিটিয়ে কাঁচামাল রপ্তানিও করা যাবে। রপ্তানিমুখী শিল্পের বিকাশের জন্য এটি একটি বড় সুযোগ।

