আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার উপযোগী ভোটকেন্দ্র তৈরি করতে ১১০ কোটি টাকা লাগতে পারে বলে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ভোটকেন্দ্র সংস্কারের জন্য বরাদ্দ চেয়েছিল। এ অনুরোধের প্রেক্ষিতে অধিদপ্তর তথ্য সংরক্ষণ করে প্রতিবেদনে উল্লেখ করেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে ১৪৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মেরামত ও সংস্কারের কাজ জরুরি। এসব কেন্দ্রের জন্য মাঠ পর্যায় থেকে প্রাপ্ত চাহিদার মোট অর্থ ৩৩৭৮.৭৮ লাখ টাকা।
এছাড়া ৫৫৯টি ভোটকেন্দ্রে সীমানা প্রাচীর নির্মাণের প্রয়োজন। সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রাপ্ত বরাদ্দের চাহিদা ৭৬৪৮.৪৯ লাখ টাকা। অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন ইতিমধ্যে শিক্ষা সচিবকে বরাদ্দ দেওয়ার চিঠি পাঠিয়েছেন। এ চিঠির অনুলিপি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন নিজ খরচে সম্ভাব্য ভোটকেন্দ্র মেরামত করার বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছিল।

