বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) ট্যানারি শিল্পের নন-বন্ড ট্যানারি ও বাণিজ্যিক রপ্তানিকারকদের কর প্রত্যর্পণ আগের নিয়ম অনুযায়ী অথবা নতুন কোনো বিকল্প ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তির অনুরোধ জানিয়েছে। সম্প্রতি এই বিষয়ে বিটিএ জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চামড়া শিল্প দেশের বৈদেশিক মুদ্রা আয়ে, জাতীয় প্রবৃদ্ধি ও মূল্য সংযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ট্যানারি শিল্পের প্রধান কাঁচামাল হলো কাঁচা চামড়া। এটি পচনশীল হওয়ায় রপ্তানিকারকরা কাঁচা চামড়া বৈদেশিক ক্রেতা ও ভবিষ্যৎ বিক্রয় মূল্য অনুমান ছাড়া আমদানি করা কেমিক্যাল দিয়ে ওয়েট-ব্লুতে রূপান্তর করে সংরক্ষণ করেন। পরে তা ক্রাস্ট, ফিনিশড ও স্প্লিট চামড়ায় রূপান্তর করে রপ্তানি করা হয়।
মূল্য সংযোজন কর আইন-১৯৯১-এর ধারা ১৩-এর উপ-ধারা (৩) অনুযায়ী রপ্তানি উৎসাহিত ও টেকসই রপ্তানিকারক গড়ে তুলতে শুল্ক, রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর বিগত অর্থবছরে আমদানির গড় মূল্য বিবেচনায় নিয়ে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার চামড়া দিয়ে প্রক্রিয়াজাত ক্রাস্ট, ফিনিশড ও স্প্লিট চামড়া উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ওপর পরিশোধিত ‘শুল্ক-করাদি’ সমহারের ভিত্তিতে প্রত্যর্পণ প্রদান করে। রপ্তানিকারকরা ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত নিয়ম অনুযায়ী প্রত্যর্পণ পেয়ে আসছিলেন।
তবে ২০১৯-২০ অর্থবছর থেকে কোনো আলোচনা ছাড়া ‘শুল্ক ও আরডি’ সমহারের ভিত্তিতে প্রত্যর্পণ শুরু হয়। এতে নতুন সমহার অনুযায়ী রপ্তানিকারকরা আগের তুলনায় ৭৫ থেকে ৬০ শতাংশ কম প্রত্যর্পণ পান। ফলে কোনো রপ্তানিকারক এখনও হ্রাসকৃত হারে প্রত্যর্পণ উত্তোলন করেননি। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয় এবং ব্যবসায় লোকসানের সম্মুখীন হন।
চিঠিতে বিটিএ আরও বলেছে, প্রথমত, প্রত্যর্পণ হার কমে যাওয়ায় নন-বন্ড ট্যানারি ও বাণিজ্যিক রপ্তানিকারকরা তাদের প্রত্যাশিত প্রত্যর্পণ পাচ্ছেন না। এর ফলে তারা আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পারছেন না এবং ক্ষুদ্র শিল্প সুরক্ষা নীতিও বাস্তবায়ন হচ্ছে না। দ্বিতীয়ত, বন্ড ট্যানারি বা শিল্প রপ্তানিকারকরা শুল্ক-কর মুক্ত কেমিক্যাল আমদানি এবং নগদ সহায়তা পান। কিন্তু নন-বন্ড ট্যানারি বা বাণিজ্যিক রপ্তানিকারকরা নগদ সহায়তা পান না। এতে প্রতিযোগিতাপূর্ণ বাজারে তারা প্রতিযোগী মূল্যে পণ্য বিক্রি করতে ব্যর্থ হন। ফলে নন-বন্ড ট্যানারি ও বাণিজ্যিক রপ্তানিকারকরা তিনটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন।

