বিদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ সেবা গ্রহণের জন্য এখন আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না। বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দিষ্ট শর্ত পূরণের পর সরাসরি অর্থ পাঠাতে পারবে। বিদেশি ঠিকাদারের পক্ষেও পারফরম্যান্স গ্যারান্টি ইস্যু এখন ব্যাংকের ওপর নির্ভর করবে।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যান্ডউইডথ সেবা কেনার জন্য বিদেশে অর্থ পাঠাতে কোনো অনুমোদনের প্রয়োজন নেই। তবে ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানো হবে এবং কিছু শর্ত মানতে হবে।
প্রথম ব্যান্ডউইডথ সেবা দিতে হলে উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স থাকতে হবে। বিদেশি পক্ষের সঙ্গে চুক্তির কপি জমা দিতে হবে। এছাড়া বিটিআরসি ও প্রয়োজনীয় অন্য অথরিটির অনুমোদন, কর কর্তৃপক্ষের সনদ, ইনভয়েস এবং অর্থ পরিশোধের সপক্ষে নিরীক্ষিত হিসাব বিবরণীসহ সব প্রয়োজনীয় ডকুমেন্ট ব্যাংকে দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সব তথ্য যাচাই করে ব্যাংক অর্থ পাঠাবে। সংশ্লিষ্ট ফাইল ব্যাংকে সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে যদি কোনো ডকুমেন্ট যাচাই করতে চাওয়া হয় তবে তা দেখাতে হবে। অর্থ পাঠানোর ক্ষেত্রে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ নীতিমালা মেনে চলা বাধ্যতামূলক।

