বাংলাদেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছরের প্রথম ছয় মাসে ভয়াবহ ধাক্কার মুখে পড়েছে। জানুয়ারি থেকে জুন—এই অর্ধ বছরে ব্যাংকটির মুনাফা কমেছে ৮১ শতাংশের বেশি।
সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইসলামী ব্যাংকের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ও এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। এর আগের দিন পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন অনুমোদন হয়।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-জুন সময়কালে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (EPS) দাঁড়িয়েছে মাত্র ৪২ পয়সা। অথচ গত বছর একই সময়ে ছিল ২ টাকা ২২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৮১ দশমিক শূন্য ৮ শতাংশ।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ইসলামী ব্যাংক বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। এ বছরও এখন পর্যন্ত বার্ষিক সাধারণ সভা (AGM) আহ্বান করা হয়নি। তবে আগামী ২৩ সেপ্টেম্বর রেকর্ড ডেট ঠিক করা হয়েছে।
২০২৪ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (EPS) হয়েছিল ৬৮ পয়সা, যেখানে তার আগের বছর ছিল ৩ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ এক বছরে মুনাফা কমেছে প্রায় ৮৩ শতাংশ।
ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর একটি। গত সরকারের সময়ে ব্যাংক খাতে অস্বচ্ছ ঋণ ও লুটপাটের খবর নিয়মিতই শিরোনাম হয়েছিল। যদিও ইসলামী ব্যাংক অন্যগুলোর তুলনায় কিছুটা ভালো অবস্থায় ছিল, তবুও এর ভেতরেও বড় অঙ্কের টাকা লোপাট হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন নেতৃত্বে আসার পর ব্যাংকটি পুনরুদ্ধারের চেষ্টা করছে। ব্যাংক সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে শ্রেণিকৃত বিনিয়োগের বিপরীতে বিশাল প্রভিশন ঘাটতি রেখেই আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়েছে। এ কারণে সামান্য মুনাফা দেখানো সম্ভব হয়েছে, নইলে লোকসান আরও বড় হতো।
অর্থনৈতিক অনিশ্চয়তা আর ব্যাংক খাতের দীর্ঘমেয়াদি দুর্বলতার কারণে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ এখনো ঝুঁকিপূর্ণ। তবে অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন—এই ব্যাংক আবার আগের স্থিতিশীল অবস্থায় ফিরতে পারবে কি না।

