স্বাধীনতার ৫৪ বছরেও দেশে সংস্কারের গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের আর মাত্র ছয় মাস বাকি। এখনো প্রক্রিয়া শেষ না হলে সংস্কার কীভাবে বাস্তবায়িত হবে, আমরা জানি না। কী কী সংস্কার হবে, সেটা এখনও অজানা।”
আজ সোমবার সকালে গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নামে নতুন একটি উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
অধ্যাপক রেহমান সোবহান বলেন, “কোনো একটি লিখিত কাগজে ৩০টি দল স্বাক্ষর দিলেই সংস্কার হয় না। বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশ, অধ্যাদেশ ও নির্দিষ্ট বাজেট প্রয়োজন। কিছু দল বলছে, ‘সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না।’ কিন্তু কী সংস্কার হবে, কীভাবে হবে, তা এখনও আমরা জানি না।”
সংস্কারের প্রক্রিয়া নিয়ে তিনি আরও বলেন, “সংসদে বিশদ আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রম পাস হওয়া উচিত। কিন্তু এত বছরেও সেই সংস্কারের সংস্কৃতি চালু হয়নি। নাগরিক সমাজের কাজ শুধু কাগজপত্র তৈরি করা নয়। তাদের নিয়মিত প্রশ্ন তোলা উচিত ছিল, কিন্তু সেই দায়িত্ব তারা পালন করেনি। এখন কি আমরা একত্র হয়ে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে পারি?”
সুশীল সমাজের ভূমিকা নিয়ে রেহমান সোবহান বলেন, “এই সমাজ যদি শুধু সেমিনার আয়োজন ছেড়ে একটু এগিয়ে আসে, তবে তা মানুষের জন্য বেশি কাজে লাগবে।”

